আবারও তাঁরা বিচারক
আবারও বিচারকের আসনে বসছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা ও এস আই টুটুল। চ্যানেল আই-ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার এবারের আসরে প্রধান বিচারক হয়েছেন তাঁরা। এরই মধ্যে চ্যানেল আই কর্তৃপক্ষও প্রধান বিচারক হিসেবে তাঁদের নাম চূড়ান্ত করেছে।চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ অনুষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিচারকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, এবারের ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রধান বিচারকদের সঙ্গে একজন করে অতিথি বিচারক থাকবেন। পাশাপাশি এবারের অনুষ্ঠানে বেশ চমকও থাকবে বলে জানান তাঁরা।ফেরদৌস আরা বললেন, ‘ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা বাচ্চাদের জন্য অনেক বড় একটা প্লাটফর্ম। গতবারও আমি এই প্রতিযোগিতার বিচারক হয়েছিলাম। কাজটি করে ভালো লেগেছে। আশা করি, এবারও উপভোগ করব।’টুটুল বললেন, ‘বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করতে আমার সব সময়ই ভালো লাগে। আমার কাছে ছোট বাচ্চারা ফুলের মতো। আর ফুলকে আমি সব সময় ভালোবাসি। গতবারের মতো এবারও ক্ষুদে গানরাজের প্রতিযোগীদের নিয়ে হাসব, আবার কখনো কাঁদব।’উল্লেখ্য, ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের এটি চতুর্থ আসর। অনুষ্ঠানটিতে এর আগে যথাক্রমে বিচারক হয়ে এসেছিলেন কুমার বিশ্বজিৎ-সামিনা চৌধুরী, হুমায়ূন আহমেদ-মেহের আফরোজ শাওন এবং ফেরদৌস আরা-এস আই টুটুল।