আবারও নাটকে চিরকুটের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও নাটকের শিরোনাম-সংগীতে কণ্ঠ দিল ভিন্নধারার ব্যান্ড চিরকুট। মাতিয়া বানু শুকুর লেখা ও পরিচালনায় এই ধারাবাহিক নাটকের নাম ‘প্রজ্ঞা পারমিতা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমী। চিরকুটের সুমী জানিয়েছেন, ‘টেলিভিশনে ধারাবাহিক নাটকের গানের বিশেষত্ব হলো, এ ধরনের নাটক যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে গানটিও জনপ্রিয় হয়।’ জানা গেছে, ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’র দৃশ্যধারণের কাজ শুরু হবে ২০ অক্টোবর। নাটকে চিরকুটের গানের কয়েকটি লাইন এমন—‘ফেলে আসা একমুঠো দিন/ ভালোবাসা স্বপ্ন্নেরও ঋণ/ স্মৃতির পাতা অমলিন/ সময় যতটা বিলীন/ খোলা হাওয়া জানে কি তা/ জানে প্রজ্ঞা পারমিতা...’। এই ধারাবাহিক নাটকে ‘প্রজ্ঞা’ চরিত্রে অভিনয় করবেন সানজিদা প্রীতি। অভিনয়শিল্পীর তালিকায় ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার কয়েকজন অভিনেত্রীও আছেন।চিরকুটের সদস্যরা এখন নিজেদের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানান সুমি। এই ব্যান্ডের লাইনআপ: সুমী—কণ্ঠ ও গীতিকার, পিন্টু ঘোষ—কণ্ঠ, বেহালা ও বাঁশি, ইমন—গিটার, রোকন ইমন—বেজ গিটার ও পাভেল—ড্রামস।চিরকুট ব্যান্ড প্রথম বাংলাভিশনের ‘নো-প্রবলেম’ ধারাবাহিকের শিরোনাম-সংগীত করেছিল। এরপর চ্যানেল টোয়েন্টি ফোরে নুরুল আলম আতিকের ‘যাদুর শহর’ ধারাবাহিকের শিরোনাম-সংগীতে কণ্ঠ দেয়। ‘যাদুর শহর’ ধারাবাহিকের সূচনাসংগীতটি করে দারুণ সাড়া পেয়েছে চিরকুট।