আবারও নাটকে রিংকু
আবারও টিভি নাটকে অভিনয় করলেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। গত ৩১ জুলাই রাজধানীর পরিবাগের একটি বাসায় প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন রিংকু। সেদিন তাঁর সহশিল্পী হিসেবে আরও ছিলেন অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম ও লাক্স তারকাখ্যাত ঈশানা। রিংকু অভিনীত এবারের নাটকের নাম ‘রংমহল’। পরিচালনা করছেন শরাফ আহমেদ জীবন।অভিনয় প্রসঙ্গে রিংকু প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি পুরোদস্তুর গানের মানুষ। অভিনয়ের অত কিছু জানি না। তবে এবার রংমহল নাটকটির কাজ করতে গিয়ে মনে হয়েছে সহশিল্পী ভালো হলে অভিনয়টাও চালিয়ে নিতে পারব।’নাটকের গল্প প্রসঙ্গে রিংকু বলেন, ‘রংমহল নাটকের গল্প গানকেন্দ্রিক। গ্রাম থেকে শহরে আসা গানপাগল একটি ছেলের গল্প এটি। গানের কারণে শহরে আসার পর তার জীবনের অনেক পরিবর্তন দেখা যায়। অনেক খ্যাতি লাভ করে ছেলেটি। কিন্তু একটা সময় ছেলেটির আর এসব ভালো লাগে না। ফিরে যায় গ্রামে। এভাবেই রংমহল নাটকের গল্প এগিয়ে যায়। গানপাগল ছেলেটির চরিত্রে অভিনয় করছি আমি। নাটকের প্রয়োজনে প্রায় ১০-১২টি লোকগানেও কণ্ঠ দিতে হবে।’জানা গেছে, রংমহল নাটকের পরবর্তী শুটিং ৮ ও ৯ আগস্ট ঢাকার বিভিন্ন লোকেশনে করা হবে।উল্লেখ্য, রিংকু এর আগে ‘আগন্তুক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হয়েছে। এদিকে, এবারের ঈদে দুটি মিশ্র অ্যালবামের জন্য গান করেছেন রিংকু। জানালেন, খুব শিগগির গানগুলোর অ্যালবাম প্রকাশিত হবে।