আবারও পরিচালনায় শামীম জামান
শামীম জামানকে সবাই অভিনয়শিল্পী হিসেবেই চেনেন। এরই মধ্যে নাটক পরিচালনায়ও নাম লিখিয়েছেন। এবারের ঈদের জন্য আরেকটি নতুন নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকের নাম ‘ভেসপা ১৫০’। এটি শামীম জামানের রচনা ও পরিচালনায় তৃতীয় নাটক। পাশাপাশি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।শামীম জামানের রচনা ও পরিচালনায় ‘ভেসপা ১৫০’ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এতে শামীম জামানের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকাখ্যাত অর্ষা।নাটক পরিচালনা প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘অভিনয়ের ফাঁকে নাটক প্রযোজনার সঙ্গেও আমি জড়িত। তা ছাড়া আমার কাছে ভালো কিছু নাটকের চিত্রনাট্যও রয়েছে। সেই চিন্তা থেকে প্রথম ২০০১ সালে নাটক পরিচালনা করি। তবে নিয়মিতভাবে নাটক পরিচালনার কাজ করা সম্ভব হবে না আমার পক্ষে। অভিনয়ের পর যদি সময় পাই তাহলে হয়তো এক ঘণ্টার নাটক পরিচালনা করব।’ পরিচালক সূত্রে জানা গেছে, ‘ভেসপা ১৫০’ নাটকটি ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।নাটকের গল্পে দেখা যাবে, জামানের একটি ভেসপা ১৫০ বাইক আছে। বিয়ের আগে এই বাইকে চড়ে জামান ও লাবণ্য বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়িয়েছে। কলেজজীবনে তো লাবণ্যর বিলাসিতাই ছিল জামানের ভেসপায় ঘুরে বেড়ানো। কিন্তু বিয়ের পর পারিপার্শ্বিক ও সামাজিক মর্যাদার কথা চিন্তা করে ভেসপায় চড়তে রাজি হয় না লাবণ্য। একবার জামান ও লাবণ্য তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় বিবাহবার্ষিকীর দাওয়াত খেতে ভেসপাতে করে যাওয়ার সময় হঠাত্ বন্ধ হয়ে যায়। স্বামী এবং ভেসপার প্রতি বিরক্ত হয়ে লাবণ্য ভেসপাটি বিক্রি করে জামানকে গাড়ি কিনতে বলে। লাবণ্যর কথা চিন্তা করে ভেসপা বিক্রিও করে দেয় জামান। কিন্তু তাতে কোনো সমাধান আসে না তাদের জীবনে। তখন লাবণ্য ভাবে ভেসপাটাই ভালো ছিল। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভেসপা ১৫০’। ‘ভেসপা ১৫০’ নাটকে জামান চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান আর লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন: আরফান আহমেদ, শামীমা তুষ্টি, কাজী উজ্জ্বল প্রমুখ। শামীম জামান পরিচালিত টিভি নাটকগুলো হচ্ছে ‘রজব আলী ও তাঁর কাফনের কথা’ (২০১১) এবং ‘৩৬ খালেক’ (২০১২)। এর মধ্যে প্রথমটি দেশ টিভিতে দেখানো হয়েছে। পরের নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।