আবারও পরিচালনায় তারিক আনাম খান
অভিনয়শিল্পী হিসেবে স্বনামধন্য তারিক আনাম খান। ২০০০ সালে অভিনয়ের ফাঁকে একটি নাটকও পরিচালনা করেছিলেন। সৈয়দ শামসুল হকের লেখা তোরা সব জয়ধ্বনি কর শিরোনামের ওই নাটক বিটিভিতে প্রচারিত হয়। এরপর অভিনয়ের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও পরিচালনার কাজটি করা সম্ভব হয়নি বলে জানান এই অভিনেতা। এবার এক যুগ পর আবারও নাটক পরিচালনা করতে যাচ্ছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে তৈরি করবেন নাটকটি। গল্পের নামের সঙ্গে মিল রেখে নাটকের নামও রাখা হয়েছে ডিটেকটিভ। পাঁচ পর্বের এই ধারাবাহিক পরিচালনার পাশাপাশি নাট্যরূপও দিয়েছেন তারিক আনাম খান। তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি পরিচালনা করার ইচ্ছাটা বহু দিনের। পরিচালনার কাজটি খুব উপভোগ করি। কিন্তু মঞ্চের কাজ ও বিজ্ঞাপনের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে, পরিচালনার দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। এখন পরিচালনার জন্য সময় বের করেছি।’ জানা গেছে, এ মাসের শেষ সপ্তাহে ডিটেকটিভ নাটকের শুটিং শুরু হবে। আর নাটকটির সম্ভাব্য অভিনয়শিল্পীরা হলেন রওনক হাসান, মৌসুমী নাগ, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ডিটেকটিভ নাটকটি নির্মিত হবে চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য।