আবারও প্রিয়াংকা-কারিনা বাগযুদ্ধ!
বলিউডের দুই অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও কারিনা কাপুরের মধ্যে বাগযুদ্ধের ঘটনা নতুন কিছু নয়। কথার মারপ্যাঁচে একে-অপরকে কুপোকাত করাই ছিল তাঁদের নৈমিত্তিক ঘটনা। কিছুদিন আগে খবর রটেছিল, বিবাদ মিটিয়ে বন্ধু বনে গেছেন এ দুই তারকা। কিন্তু কিসের কি! আবারও বাগযুদ্ধে জড়িয়েছেন প্রিয়াংকা-কারিনা। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।কারিনা কাপুর মাত্র দিন কয়েক আগে ‘হিরোইন’ ছবি নিয়ে প্রিয়াংকাকে ঠেশ দিয়ে ফোড়ন কেটেছিলেন, সব দিক থেকেই এটি প্রিয়াংকা অভিনীত ‘ফ্যাশন’-এর চেয়ে অনেক এগিয়ে।’প্রিয়াংকাও কম যান না। কারিনার মন্তব্যের প্রতিক্রিয়ায় সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রিয়াংকা বলেছেন, ‘আমি মনে করি, কারও ঝুলিতে যদি একটিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার না থাকে; তবে তিনি যতই উচ্চবাচ্য করুন না কেন, তা ধোপে টিকবে না। এই মুহূর্তে আমার একটি প্রবাদ খুব মনে পড়ছে। আর তা হলো, আঙুর ফল টক।’প্রসঙ্গত, মাধুর ভান্ডারকার পরিচালিত ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া।এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রিয়াংকার বাচনভঙ্গি নিয়ে কারিনা প্রশ্ন তুললে প্রিয়াংকা বলেছিলেন, ‘কারিনার প্রেমিক সাইফ আলী খান যেখান থেকে তাঁর বাচনভঙ্গি পেয়েছেন, আমিও ঠিক সেখান থেকেই পেয়েছি আমার এ বাচনভঙ্গি।’