আবারও ফেঁসে যাচ্ছেন লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আবারও জেলের ঘানি টানতে হতে পারে লিন্ডসে লোহানকে। কারণ দুর্ঘটনাটি সম্পর্কে পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ‘মিন গার্লস’ তারকার বিরুদ্ধে।২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলার পর থেকেই ভোগান্তি শুরু হয় লিন্ডসের। পরবর্তী সময়ে সেই মামলার পাশাপাশি নেকলেস চুরির মামলায় ফেঁসে পুরোপুরি দুর্বিষহ হয়ে ওঠে তাঁর জীবন। মামলার সাজা হিসেবে জেলের ঘানি টানার পাশাপাশি কমিউনিটি সার্ভিস এবং থেরাপি সেশনেও অংশ নিতে হয় তাঁকে। বছরের পর বছর আদালতের নজরদারিতে থেকে একটা সময়ে পুরোপুরি হাঁপিয়ে ওঠেন হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পাওয়া লিন্ডসে। হাতে কোনো কাজ না থাকায় আর্থিক সংকটের মুখেও পড়তে হয় তাঁকে।অবশেষে সব মামলা ও সাজার প্যাঁচ থেকে এ বছর মুক্তি পান লিন্ডসে। এর পরপরই বেশ কয়েকটি কাজের প্রস্তাব আসে তাঁর কাছে। সর্বশেষ ‘লিজ অ্যান্ড ডিক’ ছবিতে এলিজাবেথ টেইলরের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। ছবির শুটিংও শুরু করেন। কিন্তু ৮ জুন শুক্রবার ছবিটিতে শুটিং করতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিশাল এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে লিন্ডসের গাড়ির।দুর্ঘটনার পরপরই হাসপাতালে ভর্তি হন লিন্ডসে। অবশ্য দুই ঘণ্টা পরই হাসপাতাল ত্যাগের অনুমতি মেলে তাঁর। হাসপাতালে অবস্থানকালে পুলিশ তাঁকে দুর্ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। লিন্ডসে দাবি করেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন না। তাঁর একজন সহকারী ভাড়া করা পোর্শে গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানান তিনি। কিন্তু ওই সহকারী পুলিশকে জানিয়েছেন, লিন্ডসেই গাড়ি চালাচ্ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে লিন্ডসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে প্রতিবেদন লেখার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। অভিযোগ সত্য প্রমাণিত হলে আবারও কারাদণ্ডের আদেশ পেতে পারেন লিন্ডসে।এদিকে, লিন্ডসের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাক ড্রাইভার জেমস। এরই মধ্যে একজন আইনজীবীও ঠিক করেছেন তিনি। এ প্রসঙ্গে জেমসের উদ্ধৃতি দিয়ে টিএমজি জানিয়েছে, ‘১০ জুন একজন চিকিত্সকের কাছে গিয়েছিলাম। দুর্ঘটনায় আমার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই চিকিত্সক। এখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা। আমাকে আহত করার পাশাপাশি এমন ঝামেলায় ফেলার জন্য আমি লিন্ডসের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ চাই।’