আবারও বলিউডে সব্যসাচী
আবারও বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এটি হবে বলিউডে সব্যসাচী চক্রবর্তী অভিনীত ষষ্ঠ ছবি। এখনো পর্যন্ত নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক মৃত্যুঞ্জয় দেবরাতে।সামনের মাসেই নতুন ছবিটির শুটিং শুরু হবে। এ ছবিতে সব্যসাচী ছাড়াও অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, তিলোত্তমা সোম, লিলি চক্রবর্তী প্রমুখ। সম্প্রতি ‘আনন্দবাজার’ পত্রিকায় এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন নির্মাতা মৃত্যুঞ্জয়।এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন, ‘ছবির মৌলিকত্ব বজায় রাখতেই এমনটা করেছি। যদি ছবির গল্প পাঞ্জাবের হতো, তাহলে সেখানকার অভিনেতা-অভিনেত্রী নিয়ে কাজ করতাম। আর আমি নিজে সব্যসাচী চক্রবর্তীর একজন ভক্ত। তাঁর অনেক ছবি দেখেছি। আমার ছবিটির চরিত্রের জন্য সব্যসাচী চক্রবর্তীর কথাটা সবার আগে মনে হয়েছে। গল্প নিয়ে কলকাতায় যখন সব্যসাচীর সঙ্গে দেখা করি, তখন তিনি স্ক্রিপ্ট শুনেই ছবিটিতে অভিনয় করতে রাজি হয়ে যান। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে।’ ছবির গল্প প্রসঙ্গে মৃত্যুঞ্জয় জানিয়েছেন, ‘আমার ছবিটি এমন একটি ঘটনা নিয়ে, যা এত দিন বিশ্বের সবার নজর এড়িয়ে গেছে। বাঙালিদের এ ছবিটি ভীষণভাবে নাড়া দেবে। এই ছবি বিশ্বের জন্যও খুব গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। আমরা কখনো স্কুল-কলেজে এ বিষয় নিয়ে পড়াশোনা করিনি। এমনকি আমার ছবিটির বিষয় নিয়ে আগে কখনো কোনো ছবি নির্মিত হয়নি। কেন এই প্রশ্নটা এর আগে উঠে আসেনি, সেটাই আমার ছবির গল্প।’‘দিল সে’, ‘পরিণীতা’সহ কয়েকটি হিন্দি ছবির পর এটা সব্যসাচীর ষষ্ঠ হিন্দি ছবি। আর তা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। কিন্তু পরিচালকের নিষেধের কারণে ছবিটির গল্প সম্পর্কে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন সব্যসাচী চক্রবর্তী।