আবারও বাকের ভাইয়ের প্রেমিকা সুবর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ছোট পর্দায় আসছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র বাকের ভাই, হিমু, মিসির আলী ও বড় চাচা। তবে আলাদা কোনো নাটকে নয়। এ চারটি চরিত্রকে এক নাটকেই দেখা যাবে। সাত পর্বের এ নাটকের নাম বাকের ভাই, হিমু, মিসির আলী ও বড় চাচা। হুমায়ূন আহমেদের বিভিন্ন উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিচ্ছেন রেদোয়ান রনি। পরিচালনা করবেন রনি নিজেই। আর এ নাটকে বাকের ভাইয়ের প্রেমিকার চরিত্রে আবারও টিভি পর্দায় দেখা যাবে মুনাকে। এবারের নাটকেও মুনা চরিত্রে অভিনয় করবেন সুবর্ণা মুস্তফা। বাকের ভাই নাটকে আবার অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তফা বলেন, ‘আমার কাছে চরিত্রটি নিয়ে আলাদা কোনো ফিলিংস কাজ করছে না। তবে এটা ঠিক যে একটা নস্টালজিক বিষয় কাজ করছে। কারণ, যে চরিত্রগুলো নিয়ে কাজটা করা হচ্ছে এগুলো সবই জনপ্রিয়। আসলে তখনকার চিন্তা ছিল একরকম আর এখনকার পরিচালকের চিন্তাধারা হয়তো একটু অন্য রকম হবে। তবে একটা কথা কি নাটকটির শুটিং না করা পর্যন্ত এখনো সেভাবে কিছু বলতে পারছি না। তার পরও আমার কাছে মনে হচ্ছে পুরো প্রজেক্টটা খুব আকর্ষণীয় হবে।’নাটকটির পরিচালক বলেন, ‘উপন্যাসে হুমায়ূন আহমেদ যেভাবে চরিত্রগুলোকে উপস্থাপন করেছেন নাটকেও সেভাবেই করা হবে। কারণ, তাঁর এ চরিত্রগুলো প্রায় বাংলাদেশের সব পাঠকের মুখস্থ। তা ছাড়া এ চরিত্রগুলোর আলাদা দর্শন ও বৈশিষ্ট্য রয়েছে। আমার চেষ্টা থাকবে দর্শকদের গ্রহণযোগ্য করেই নাটকটিকে ফুটিয়ে তোলার।’ পরিচালক সূত্রে আরও জানা যায়, আগামী ২৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শুরু হবে।