আবারও বিচারক বন্যা মির্জা
প্রায় দুই বছর পর আবার বিচারক হলেন টিভি অভিনেত্রী বন্যা মির্জা। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার এবারের আসরে তাঁকে বিচারক হিসেবে দেখা যাবে। এ আসরের প্রাথমিক বাছাইয়ের বেশ কয়েকটি অঞ্চলে তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বিচারকাজে বন্যার সঙ্গে টেলিভিশন ও সংগীত জগতের আরও অনেকেই থাকবেন। এরই মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে বন্যা মির্জার এ বিষয়ে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গেছে।বিচারক হওয়া প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘এ ধরনের বিচারকাজ আমি আগেও কয়েকটি করেছি। মাঝে অবশ্য দুই বছর করা হয়নি। বিরতি দিয়ে আবার এ ধরনের একটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করলাম। বিচারকের কাজগুলো করতে ভালোই লাগে।’এ ছাড়া বন্যা মির্জা আগামী ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন। এরই মধ্যে তিনি শেষ করেছেন বিজয় মজুমদারের রচনা ও মেহেদী হাসানের পরিচালনায় ‘প্রজাপতি অভিঘাত’ নামের একটি নাটকের। এ নাটক ছাড়াও তিনি বর্তমানে জামাল রেজার পরিচালনায় গীতালি হাসানের ছোটগল্প অবলম্বনে নির্মিত একটি নাটকে অভিনয় করছেন।