আবারও বিয়ে করেছেন শ্রাবন্তী
নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। গত ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তিনি। খোরশেদ আলম স্যাটেলাইট চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের সঙ্গেও জড়িত আছেন।শ্রাবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নির্মাতা সাইফুল ইসলাম মাননুর নিকেতনের বাসায়। মাননু সম্পর্কে শ্রাবন্তীর ভগ্নিপতি।বিয়ের ব্যাপারে শ্রাবন্তী বলেন, ‘এত দিন যাকে ভাই হিসেবে বলে আসছি, কিছুদিন হলো তাঁকে বর হিসেবে দেখতে হচ্ছে। আবার পরিচিত অনেকে যাঁরা এতদিন আমাকে আপু বলে ডাকতেন, তাঁরা এখন ভাবি বলে ডাকা শুরু করেছেন। বিষয়টা কেমন যেন লাগছে।’বিয়ের বিষয়টা দুই মাস ধরে গোপন রাখার কারণ হিসেবে শ্রাবন্তী বলেন, ‘আমার শাশুড়ি খুব অসুস্থ। মূলত ওনার জন্যই বিয়ের ব্যাপারটা প্রকাশ করতে চাইনি। তাঁর জন্যই আমি প্রচারমাধ্যমের কাছে কিছু বলিনি। আর আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এদিকে খোরশেদ আলম জানান, ‘মিডিয়ায় কাজ করার কারণে শ্রাবন্তীকে অনেক দিন ধরেই চিনি। তবে পাঁচ মাস ধরেই আমাদের এ পরিচয়টা ভালোলাগায় রূপ নেয়। তার পরই মূলত বিয়ের সিদ্ধান্তটা নিই।’