আবারও ভিডিও পাইরেসি-আতঙ্ক
পোস্টার মিলন, বিপ্লবসহ আরও কয়েকজনকে ভিডিও পাইরেসির অভিযোগে গত বছরের মাঝামাঝি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেন। এরপর অনেক দিন চলচ্চিত্রশিল্পে পাইরেসির কথা শোনা যায়নি। ছবি মুক্তির আগে কোনো প্রযোজক কাউকে চাঁদা দেননি। কিন্তু ইদানীং একটি সংঘবদ্ধ চক্র আবার নতুন ছবির ভিডিও পাইরেসি শুরু করেছে।সম্প্রতি মুক্তি পাওয়া এবং ব্যবসায়িকভাবে সফল পাঁচটি ছবির ভিডিও সিডি বাজারে এসেছে। ফলে এসব ছবির প্রযোজকেরা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিডিও সিডি জব্দ করার চেষ্টা করছেন।ভিডিও পাইরেসির ব্যাপারে আলোচনার জন্য ১৯ জানুয়ারি তথ্য মন্ত্রণালয় এক সভা আহ্বান করে। তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই বৈঠকে সেন্সর বোর্ড, র্যাবের প্রতিনিধি, এফডিসি কর্তৃপক্ষ এবং প্রযোজক-পরিবেশক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ভিডিও পাইরেসি বন্ধে জোর পদক্ষেপ নেওয়ার জন্য তথ্যসচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে জানিয়েছেন, ভিডিও পাইরেসি রোধে এফডিসিতে একটি সেল গঠন করা হয়েছে। এখন এই সেল থেকে ভিডিও পাইরেসি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।এদিকে মুক্তি-প্রতীক্ষিত ছবির প্রযোজকদের মধ্যে পাইরেসি-আতঙ্ক তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রযোজক বলেন, ‘সামনে আমার ছবি মুক্তি পাবে। ছবি নির্মাণে খরচ করেছি এক কোটি ৪০ লাখ টাকা। এখন মুক্তি দেওয়ার আগে যদি ভিডিও পাইরেসি বন্ধ না হয়, তাহলে ছবি মুক্তি দেব না। নয়তো পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের চাহিদামতো চাঁদা দিয়ে আপস করতে হবে।’চলচ্চিত্রের ভিডিও পাইরেসিবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী টাস্কফোর্সের প্রধান মেজর মাসুদ বললেন, ‘সম্প্রতি পাইরেসি হয়েছে—এমন একটি ছবির প্রযোজকের কাছ থকে অভিযোগ পাওয়ার পরই আমরা অপরাধীকে ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’