আবারও মঞ্চে ‘ঈর্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার পেরিয়ে গাবতলা বাজার। বেশ পুরোনো একটি বাড়ির ধবধবে মেঝেতে চলছে মহড়া। মহড়াকক্ষে ঢুকেই চোখে পড়ল, দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল একটি প্রতিকৃতি। নজরুলের একটি ছবি। মেঝেতে পুরোনো আদলের আসবাব। সব মিলিয়ে নাটকের পরিবেশের মধ্যে কেবল থিতু হয়েছি, এ সময়ে মহড়া শুরু, ‘বিমূর্তেরও মাঝে ছবি মূর্ত হয়ে ভাসে, মূর্ত যদি না হয় কিছু, বিমূর্ত কি হাসে?’ সংলাপের সঙ্গে চমৎকার একটি আবহসংগীতের ব্যবহার নাটকের শুরুতে। যে নাটক নিয়ে কথা, তার নাম ঈর্ষা। নাট্যকার সৈয়দ শামসুল হক। প্রায় ২১ বছর পর এই কাব্যনাটকটি আবার মঞ্চে আসছে। এবার এটি প্রযোজনা করেছে প্রাঙ্গণেমোর। উদ্বোধনী প্রদর্শনী হবে ২৬ এপ্রিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। এখন তাই জোরসে চলছে মহড়া। ঈর্ষার মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান। পোশাক পরিকল্পনা নূনা আফরোজ, আবহ সংগীত রমিজ রাজু এবং আলোক পরিকল্পনা করেছেন জিল্লুর রহমান।পুরো নাটকে মাত্র তিনটি চরিত্র—প্রৌঢ়, যুবক ও যুবতী। মহড়ার শুরুতে মঞ্চজুড়ে নীরবতা। মঞ্চে এলেন প্রৌঢ় চরিত্রের রমিজ রাজু ও যুবতী চরিত্রের নূনা আফরোজ। দুই চরিত্রের কণ্ঠে পালাক্রমে টানা ২০ মিনিট করে প্রায় ৪০ মিনিটের সংলাপ। প্রতি মুহূর্তে মূর্ত হয়ে উঠছে নাটকের গল্পের বিমূর্ত দ্বন্দ্ব ও অন্তর্দ্বন্দ্ব। শেষ অবধি যুবতীর প্রেম কার জন্য—যুবক, না প্রৌঢ়? ত্রিভুজ সম্পর্কের টানাপোড়েন নিয়ে এ যেন ভিন্ন প্রেমের গল্প।এর মধ্যে মঞ্চে প্রবেশ করলেন নাটকে যুবক চরিত্রে অভিনয় করা অনন্ত হিরা। টানা প্রায় ২৬ মিনিটের সংলাপ তাঁর কণ্ঠে। এদিকে একটানা সংলাপ প্রক্ষেপণ কানের কাছে খানিকটা ক্লান্তি এনে দিচ্ছিল বটে, কিন্তু মনোরঞ্জনও ফিরে পাচ্ছিলাম গল্পের অসাধারণ দৃশ্যকাব্য, অভিনেতাদের মনোরম শরীরভঙ্গিমা ও সংলাপের মাধুর্যে। যেন অবিরাম তাঁরা ছবি এঁকে চলেছেন দর্শকের মানসপটে। একটি সংলাপের কথা বলি, ‘টান নয়, টোন নয়, রং মেশানো বা ছাপানোর কৌশল নয়, কীভাবে কেমন করে ব্রাশের ডগায় প্রেম হয়ে যেতে পারে ক্যানভাসে প্রেমের বিষয়।’ কিংবা ‘এ কেমন কাল আজ বাংলাদেশে? আজ সমস্ত মূল্যবোধ নির্বাসিত—প্রেমিকার হাতে কালসাপ, বন্ধুর ছদ্মবেশে আততায়ী পথে, কঠিন মুখোশে আঁকা জননীর মুখ এবং শিক্ষক আজ বিদ্যাদানের বদলে উদ্গ্রীব বিদ্যা চুরি করে নিতে। অমাবস্যা আজ এই বাংলাদেশে রাতের বর্ণনা, দিনের প্রখর আলো সূর্যগ্রহণে স্তিমিত।’—এসব সংলাপে ক্ষণে ক্ষণে তৈরি হচ্ছে নতুন নতুন দৃশ্যকল্প, রং পাল্টাচ্ছে মঞ্চের।আগে নাগরিক নাট্যসম্প্রদায় থেকে ঈর্ষা নির্দেশনা দিয়েছিলেন আতাউর রহমান। আর প্রাঙ্গণেমোরে এবার নির্দেশক হিসেবে আছেন অনন্ত হিরা। মহড়ার ফাঁকে কথা বললাম তাঁর সঙ্গে, ‘সত্যিকার অর্থে এই নাটকে আমরা যাঁরা অভিনয় এবং নির্দেশনার কাজ করছি, সবাই একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। কারণ, ঈর্ষা এমন একটি নাটক, যেখানে অভিনয় ও নির্দেশনা—সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে নিজেদের পরিণত অভিনেতা বা নির্দেশক হিসেবে দাবি করার সুযোগ আছে। আমরা চ্যালেঞ্জটি নিয়েছি। আশা করছি কাজটি ভালো হবে।’মহড়া প্রায় শেষের দিকে। গল্পের শেষ দৃশ্যে আবার মঞ্চে প্রৌঢ় চরিত্র। তাঁর কণ্ঠে এবার ১৬ মিনিটের সংলাপ যেন রচনা করে শিল্পীর জীবনের চরম সত্য, ‘শিল্পের রচনাকালে মাটি ছেড়ে ঈশ্বরের পাশে যে দাঁড়ায়, শিল্পরচনা শেষে মাটিতে সে নেমে এসে নিতান্ত মানুষ।’