আবারও মাঝরাতের অভিসারে ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বহুল আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মাঝরাতের অভিসার বেশ ভালোই জমে উঠেছে। সম্প্রতি আবারও গভীর রাতে রণবীরের বাসায় ঢুকতে দেখা গেছে ‘আজব প্রেম কি গজব কাহানি’ তারকা ক্যাটরিনাকে।গত বছরের সেপ্টেম্বরে ক্যাটরিনার অ্যাপার্টমেন্ট থেকে মধ্যরাতে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর। বলাই বাহুল্য, বিষয়টি নিয়ে সেসময় যথেষ্ট তোলপাড় উঠেছিল। ছয় মাস বাদে গত মার্চে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটান ক্যাটরিনা। সেবার মধ্যরাতে রণবীরের বাসায় ঢোকার সময় ক্যামেরাবন্দী হন ক্যাটরিনা। তিনি পালি হিলের এই বাসায় আগেও পা রেখেছিলেন। তবে সেবারই প্রথম ক্যামেরাবন্দী হন। তিন মাসের মাথায় সম্প্রতি আবারও সেই বাড়িতে মধ্যরাতে হাজির হয়ে মুখরোচক খবরের জোগান দিলেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, বান্দ্রার পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলো বাড়িতে থাকেন রণবীর এবং তাঁর বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিং। সম্প্রতি রাত একটার দিকে গাড়িতে চেপে বাড়িটিতে ঢুকতে দেখা যায় ক্যাটরিনাকে। অবশ্য সেসময় বাসায় ছিলেন না রণবীর। বন্ধু ইমতিয়াজ আলীর আমন্ত্রণে বাড়ির পাশেই একটি থিয়েটারে অনুরাগ কশ্যপের পরবর্তী ছবির প্রদর্শনী দেখতে গিয়েছিলেন।এদিকে প্রত্যক্ষদর্শী একজন মালি দাবি করেছেন, তিনি নাকি প্রায়ই ভোরের দিকে রণবীরের বাড়ি থেকে ক্যাটরিনাকে বের হতে দেখেন। শুধু তাই নয়, বহু খোঁজাখুঁজির পর বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় বাসা নিয়েছেন ক্যাটরিনা। রণবীরের বাড়ি থেকে ক্যাটরিনার বাড়ির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। ব্যান্ডস্ট্যান্ড এলাকায় বাসা নেওয়ার আগে ক্যাটরিনা জানিয়েছিলেন, ‘আমি সাগরমুখী একটি বাড়ি খুঁজছি। রোজ সকালে ঘুম থেকে উঠেই সাগর দেখতে চাই। ব্যান্ডস্ট্যান্ড এলাকা আমার দারুণ পছন্দের।’ দীপিকা পাড়ুকোনের সঙ্গে যখন রণবীরের প্রেম চলছিল, বেশির ভাগ সময় রণবীরের বাড়িতেই থাকতেন দীপিকা। তখন বিষয়টিকে ভালো চোখে দেখতেন না রণবীরের মা নিতু সিং। বিষয়টি নিয়ে নিতু-দীপিকার ভেতর দ্বন্দ্বও তৈরি হয়েছিল। ইদানীং দীপিকার মতো ক্যাটরিনাও ঘন ঘন রণবীরের বাসায় গিয়ে হাজির হচ্ছেন। এ অবস্থায় নিতু সিংয়ের ভূমিকা কি হয়, সেটাই এখন দেখার বিষয়।