আবারও মাহফুজ-তারিন
আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মাহফুজ ও তারিন। এটি দুই তারকার এক বছর পর কোনো নতুন কাজ। এর আগে মাহফুজ আহমেদ ও তারিন একটি পুরোনো গল্প নামের টেলিফিল্মে কাজ করেছিলেন। গত রোজার ঈদে টেলিফিল্মটি বাংলাভিশনে প্রচারিত হয়। ২০০৮ সালে এই জুটি কাজ করেছিলেন শেষ কথাটি নামের একটি নাটকে। ওই বছরের ঈদুল আজহায় নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছিল।গত দুই বছরে এ জুটির দুটি নাটক দর্শক দেখতে পেয়েছে। টেলিভিশনের জনপ্রিয় এই জুটিকে নিয়ে একসঙ্গে কাজ করছেন পরিচালক আরিফ খান। ফারিয়া হোসেনের রচনায় নাটকটির নাম রাখা হয়েছে বাড়িয়ে রেখো হাত।বাড়িয়ে রেখো হাত নাটকটির কাহিনি গড়ে উঠেছে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। নাটকে দেখা যাবে, একজন পুলিশ এসে খবর দেয় যে তারিনের স্বামী মারা গেছে। আর এ জন্য তাঁকে থানায় যেতে হয়। কিন্তু ঘটনাক্রমে জানা যায়, তারিনের স্বামী তাঁরও চার বছর আগে মারা গেছে। তাহলে বিষয়টা কী? এ রকমই একটি রহস্যময় ঘটনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ঈদের বিশেষ নাটক বাড়িয়ে রেখো হাত।তারিন বলেন, ফারিয়া আপা ও আরিফ ভাইয়ের আরও বেশ কয়েকটি নাটকে আমি কাজ করেছি। তাঁদের সঙ্গে বোঝাপড়াটাও ভালো। তা ছাড়া এবারের নাটকের যে গল্প, সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তাই কাজটি করতে রাজি হয়েছি। গল্পটি পড়ে আমার কাছে মনে হয়েছে, নাটকটি ভালোই হবে।ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় নাটকটির শুটিং শুরু হবে ১১ আগস্ট থেকে। নাটকটি এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।