আবারও ম্যাড হ্যাটার জনি ডেপ
‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ছবির সিক্যুয়েলে আবারও ম্যাড হ্যাটার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনি ডেপ। ওয়াল্ট ডিজনি পিকচার্সের সঙ্গে দর-কষাকষির পর সম্প্রতি ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত এ তারকা অভিনেতা।‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ২’ ছবিতে অভিনয়ের জন্য শিগগির চুক্তি স্বাক্ষর করবেন ৫০ বছর বয়সী ডেপ। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন টিম বার্টন। এবার ছবিটির সিক্যুয়েলে টিম বার্টনের স্থলাভিষিক্ত হয়েছেন ‘দ্য মাপেটস’ ছবির নির্মাতা জেমস ববিন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ছবিতে ডেপের সহতারকা ছিলেন অ্যানি হ্যাথঅ্যাওয়ে, হেলেনা বোনহ্যাম কার্টার প্রমুখ। ছবিটির সিক্যুয়েলে আগের সহতারকাদের ডেপ ফিরে পাবেন কি না তা অবশ্য জানা যায়নি।