আবারও রণবীর-ক্যাটরিনা!
প্রেম করছেন বলিউডের প্রথম সারির দুই তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। চলতি বছরের এপ্রিলে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছিল টাইমস অব ইন্ডিয়া। অবশ্য বরাবরের মতো নিজেদের প্রেমবিষয়ক এ খবরের পরিপ্রেক্ষিতে নিশ্চুপ ছিলেন রণবীর-ক্যাটরিনা। এর কিছুদিন পর ক্যাটরিনার বাড়ি থেকে মধ্যরাতে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হন রণবীর। সে ঘটনায় যথেষ্ট তোলপাড় ওঠে বলিউডপাড়ায়। সম্প্রতি এ জুটির ঘনিষ্ঠতা বেড়েছে, এমনটি জানিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে—ইদানীং নাকি তাঁরা দুজন প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।ইদানীং বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হওয়ার পাশাপাশি দেশের বাইরে অবকাশ যাপনে যাচ্ছেন রণবীর-ক্যাটরিনা। কিছুদিন আগে দিওয়ালি উপলক্ষে আয়োজিত এক পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাঁদের। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের দাবি, কাজ নিয়ে তাঁদের দুজনকেই অনেক ব্যস্ত থাকতে হয়। তার পরও সুযোগ পেলেই দেশের বাইরে গিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন তাঁরা। এ ছাড়া, গত ২৭ সেপ্টেম্বর রণবীর অভিনীত ‘বরফি’ ছবির সাফল্য উদযাপন করতে আয়োজিত পার্টির অতিথির তালিকায় ঠাঁই পায় ক্যাটরিনার নাম। রণবীরের ৩০তম জন্মদিনের এক দিন আগে অনুষ্ঠিত সেই পার্টিতে রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ঠতায় ‘বিশেষ’ সম্পর্কের আঁচ পেয়েছেন এ জুটির কাছের বন্ধুরা। ২০১১ সালে এক সাক্ষাত্কারে ক্যাটরিনা স্বীকার করেছিলেন যে, সালমান খানের সঙ্গে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সালমান-ক্যাটরিনার প্রেম। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহিনি’ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। তখন থেকেই এই জুটির বাস্তব জীবনের প্রেমের গল্প ডালপালা মেলতে থাকে। পরবর্তী সময়ে বেশ কয়েকবার রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভাঙা-গড়ার খবরে সরগরম হয়েছে বলিউডপাড়া। দিন কয়েক আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা বলেন, ‘আমার কাছে সালমান খান একজন বড় ভাইয়ের মতো।’ সাবেক প্রেমিক সম্পর্কে এমন মন্তব্য করে সবাইকে হকচকিয়ে দেন ২৮ বছর বয়সী এ অভিনেত্রী। ক্যাটরিনার হঠাত্ এমন মন পরিবর্তনের কারণ সম্পর্কে অনেকেই অনেক রকম মন্তব্য ছুড়ছেন। কেউ কেউ বলছেন, রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই সাবেক প্রেমিককে ‘ভাই’ বানিয়ে দিয়েছেন ক্যাটরিনা।