আবারও রাধারমণের গান
বছর দুয়েক আগে রাধারমণের গান শিরোনামে এসেছিল বিশ্বজিৎ রায়ের প্রথম অ্যালবাম। ওটাতে তিনি গেয়েছিলেন ১১টি গান। আর এটি বের করেছিল কমিটমেন্ট প্রোডাক্টস। আজ রাধারমণ দত্তের জন্মবার্ষিকী। এই দিনটিতে একই প্রতিষ্ঠান থেকে বাজারে আসছে বিশ্বজিতের দ্বিতীয় অ্যালবাম ভাইবে রাধারমণ বলে। রাধারমণের জন্মবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি আজ অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর অ্যালবামটির মোড়ক খুলবেন শিল্পী কাইয়ুম চৌধুরী। আলোচনার পাশাপাশি থাকবে বিশ্বজিতের গানও।বিশ্বজিতের গান নিয়ে করুণাময় গোস্বামী বলেছেন, ‘বিশ্বজিৎ অনেক দিন ধরে নিবিষ্ট মনে রাধারমণের গানের চর্চা করছেন এবং এই গানের অক্লান্ত প্রচারকের ভূমিকা গ্রহণ করেছেন—তেমন বললেও অত্যুক্তি হয় না। এই কাজটি একাডেমিকভাবে হলে আরও ভালো হতো। তবে এখন পর্যন্ত আমার যা মনে হচ্ছে, বিশ্বজিতের প্রয়াসকে কেন্দ্র করে আগামীতে রাধারমণের গানের একটি প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরি হবে।’বিশ্বজিৎ বললেন, ‘রাধারমণকে আমি মনে করি ভাটি বাংলার লালন। প্রথমটির মতো এটিও যদি সাফল্যের মুখ দেখে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।’অ্যালবামটির পরিবেশনার দায়িত্বে আছে লেজার ভিশন।