আবারও রিকের সঙ্গে ঘর বাঁধলেন পামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পামেলা অ্যান্ডারসন-রিক সলোমন
পামেলা অ্যান্ডারসন-রিক সলোমন

মার্কিন চলচ্চিত্র প্রযোজক রিক সলোমনের সঙ্গে ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন মাত্র দুই মাস ঘর করেছিলেন ২০০৭ সালে, এরপর বিচ্ছেদ। সম্প্রতি পিপল ম্যাগাজিনের এক খবরে বলা হয়েছে, বয়সে এক বছরের ছোট রিককে দ্বিতীয়বারের মতো বিয়ে করে ফের ঘর-সংসার শুরু করেছেন ৪৬ বছর বয়সী এ মডেল ও অভিনেত্রী।
২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে লাখ লাখ মানুষের প্রাণহানির পাশাপাশি অগণিত মানুষ আহত হন। ধসে পড়ে প্রায় আড়াই লাখ ঘরবাড়ি এবং ৩০ হাজার বাণিজ্যিক ভবন। হাইতির ভূমিকম্প-দুর্গতদের সাহায্যার্থে সম্প্রতি মার্কিন অভিনেতা শন পেনের উদ্যোগে বেভারলি হিলসে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পামেলা। সেখানে তাঁর অনামিকায় বিশাল হীরার আংটি জ্বলজ্বল করছিল। এ বিষয়ে জানতে চাইলে সাবেক স্বামী রিকের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেন তিনি। রিককে ফিরে পেয়ে তিনি ও তাঁর পরিবারের সবাই অনেক খুশি বলেও জানান পামেলা।
২০০৭ সালের অক্টোবরে রিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন পামেলা। কিন্তু মাত্র তিন মাসের মাথায় বিচ্ছেদের আবেদন করেন আবেদনময়ী এ তারকা অভিনেত্রী। ২০০৮ সালের মার্চে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। রিকের আগে মার্কিন সংগীতশিল্পী ও ড্রামার টমি লি এবং মার্কিন গায়ক ও অভিনেতা কিড রককে বিয়ে করেছিলেন পামেলা।