আবারও লিওনার্দো ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো টাইটানিক ছবির একজন প্রেমিক, কখনো রোমিও জুলিয়েট ছবির রোমিও আবার ব্ল্যাক ডায়মন্ড ছবিতে তিনি একজন হীরা ব্যবসায়ী! নানা ধরনের চরিত্রের মাধ্যমে নিজেকে তুলে ধরতেই চেষ্টায় রত অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। চলতি বছরের সর্বশেষ শ্যুটার আইল্যান্ড ছবিতে তিনি অভিনয় করেছেন একজন আইনজীবীর চরিত্রে, যিনি একটি দ্বীপে তদন্তে যান বড় একটি ঘটনা উদ্ঘাটনে। অবশেষে এবার তিনি এলেন চোরের চরিত্রে, যেখানে তিনি একসময় ডাকাতির সঙ্গে জড়িয়ে যান। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন সমপ্রতি মুক্তি পাওয়া ২০০ মিলিয়ন ডলার বাজেটের ইনসেপশন ছবিতে। অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর সায়েন্স ফিকশন—এসবের স্বাদ রয়েছে ছবিটিতে। ব্যাটম্যান বিগেইন আর ডার্কনাইট খ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ইনসেপশন ছবিতে নিজেকে আরেকবার তুলে ধরলেন লিওনার্দো। মুক্তির পরই ছবিটি সাড়া জাগিয়েছে দর্শকদের মধ্যে। ইতিমধ্যে বিখ্যাত নিউইয়র্ক টাইমস, ইএসএ টুডে, শিকাগো সান টাইমস, নিউইয়র্ক পোস্টের মতো সংবাদমাধ্যমগুলো বিশেষ স্বীকৃতি দিয়েছে ছবিটিকে। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত লিওনার্দো নিজেও। এবার প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, নানা ধরনের চরিত্রের সঙ্গে নিজেকে তুলে ধরাটা একজন অভিনেতার অন্যতম গুণ, যা দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। ইনসেপশন নিয়ে আশাবাদী লিওনার্দো বলেন, অন্যান্য ছবির চেয়ে এ ছবিতে ব্যতিক্রমী চরিত্রে দর্শকদের সামনে এসেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম লিওনার্দোর। পুরো নাম লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিও। ১৯৯০ সালে প্যারেন্টহুড ছবিভিত্তিক একটি টিভি সিরিজের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন লিওনার্দো। দুই বছরের মধ্যেই শতাধিক টিনএজ অভিনেতার মধ্যে সেরা হয়ে তিনি অভিনয় করেন দ্য বয়েস লাইফ ছবিতে। ১৯৯৬ সালে মুক্তি পায় লিওনার্দো অভিনীত শেকসপিয়ারের গল্প অবলম্বনে রোমিও জুলিয়েট ছবিটি। মুক্তির পর ছবিটি বক্স অফিস থেকে প্রায় ১৪৭ মিলিয়ন ডলার আয় করে! পরের বছর মুক্তি পায় বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ছবি টাইটানিক। ছবিটি সারা বিশ্বের প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে আর জিতে নেয় সর্বাধিক ১১টি অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। শুধু ছবিতে অভিনয়ের মাধ্যমে সবার প্রিয় হয়েই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখেননি লিওনার্দো। অভিনয়ের পাশাপাশি পরিবেশবিষয়ক আন্দোলন, বন্য প্রাণী রক্ষা আর বিভিন্ন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় হাত বাড়িয়ে দেওয়ার কাজটিও করে যাচ্ছেন নিয়মিতভাবেই। নির্বাহী প্রযোজক আর প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। অভিনয় আর প্রযোজনা—সবকিছুতেই দিয়ে যাচ্ছেন নিজের সেরাটুকু। বিনোদনজগতের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার অস্কার ছাড়া গ্লোন্ডেন গ্লোব, এমটিভি মুভি অ্যাওয়ার্ড, হলিউড ফিল্ম ফেস্টিভাল, আইরিস ফিল্ম, টেলিভিশন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্ষেত্রে জিতেছেন প্রায় ১৮টি পুরস্কার। অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড, স্কিন অ্যাক্টরস গিল্ড, ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ইত্যাদিতে পেয়েছেন একাধিকবার মনোনয়ন।নুরুন্নবী চৌধুরী, সূত্র: ওয়েবসাইট