আবারও লিন্ডসের বিরুদ্ধে চুরির অভিযোগ!
গত বছর গলার হার চুরির মামলায় জড়িয়ে কম ঝক্কি পোহাতে হয়নি লিন্ডসে লোহানকে। সম্প্রতি আবারও চুরির অভিযোগ উঠেছে হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ হিসেবে খ্যাত এ অভিনেত্রীর বিরুদ্ধে। এক লাখ ডলার মূল্যের ঘড়ি ও রোদচশমা চুরির এ অভিযোগ সত্য প্রমাণিত হলে আবারও জেলের ঘানি টানতে হবে লিন্ডসেকে।গত সপ্তাহে হলিউড হিলসে অবস্থিত স্যাম ম্যাজিদের বাড়িতে রাতভর পার্টিতে মেতে ছিলেন লিন্ডসে ও তাঁর সহকারী গেভিন ডয়েল। সেদিন স্যামের বাড়ি থেকে এক লাখ ডলার মূল্যের ঘড়ি ও রোদচশমা খোয়া গেলে পুলিশি অভিযোগ দায়ের করা হয়। সন্দেহভাজন হিসেবে স্যাম উল্লেখ করেন লিন্ডসে ও গেভিনের নাম। পরে এ দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি। এদিকে, রহস্যজনকভাবে হঠাত্ সুর পালটে ফেলেন স্যাম। তিনি দাবি করেন, তাঁর বাড়িতে আদৌ কোনো চুরির ঘটনা ঘটেনি। কিন্তু তার পরও এ ঘটনার তদন্তকাজ থামায়নি লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। তদন্তকারী কর্মকর্তারা লিন্ডসের আইনজীবীর সঙ্গে দেখা করে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছেন।