আবারও শুভেচ্ছা দূত হলেন শাকিব
এবারে আরো একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। প্রতিষ্ঠানটির ডুপ্লেক্স টাউন প্রকল্পের জন্য কাজ করবেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব খানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগেও শাকিব খান আরও দুটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন। শাকিব খান বলেন, ‘ প্রতিষ্ঠানটির কার্যক্রম আমার ভালো লেগেছে। তাই প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে রাজি হয়েছি। শুনেছি তারা খুব শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজও করবেন। ওটারও কাজ করব।’ এদিকে একটি কোমল পানীয়ের শুভেচ্ছা দূত হিসেবে শাকিব খান সম্প্রতি পণ্যটির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। এর শুটিংও প্রায় শেষের দিকে। বিজ্ঞাপনচিত্রটিতে শাকিব খানের সহশিল্পী নবাগত চিত্র নায়িকা ববি।জানা গেছে, শাকিব খান ও ববি অভিনীত বিজ্ঞাপনচিত্রটি মার্চের ১৫ তারিখ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।