আবারও শুরু হচ্ছে টপ মডেল খোঁজার লড়াই
আবারও শুরু হচ্ছে মডেল খোঁজার প্রতিযোগিতা নিয়ে রিয়েলিটি শো ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।গত বছরের মতো এ বছরও এই আয়োজনের বিচারক হিসেবে থাকছেন মডেল নোবেল, অভিনয়শিল্পী তানিয়া আহমেদ ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। আর উপস্থাপনায় থাকবেন সিজিল মির্জা।আয়োজক সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি অঞ্চল থেকে আগ্রহী তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে তাঁদের নিয়ে ঢাকায় একটি ক্যাম্প হবে। সেখান থেকে নানা ধাপ অতিক্রম করার পর সেরা ২০ জনকে নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।প্রসঙ্গত, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় প্রথম আসরে সেরার মুকুট জয় করেছিলেন রাজশাহীর প্রতিযোগী হাসিন রওশন। আর প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছিলেন যথাক্রমে সানজিদা ইসলাম ও নোমিরা আহমেদ। এ ছাড়া বেস্ট স্টাইল ও বেস্ট স্ক্রিন (যৌথভাবে) হয়েছিলেন যথাক্রমে অপ্সরা আলী, সামিয়া জাহান ও আনুশে আলী।