আবারও শুরু হচ্ছে ‘হা-শো’
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ চ্যাম্পিয়ন হওয়ার কারণে পরিচিতি তৈরি হলেও নাটোরের আবু হেনা রনি এনটিভির জোকস-ভিত্তিক রিয়ালিটি শো ‘হা শো’তে প্রথম অংশ নিয়েছিলেন। হাস্য-রসাত্মক আয়োজন নিয়ে রিয়ালিটি শো হা শো এক বছর পর আবারও শুরু হচ্ছে।অনুষ্ঠানটির প্রযোজক হাসান ইউসুফ খান প্রথম আলো ডটকমকে অনুষ্ঠান শুরুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনেকেই মনে করেন কমেডি আর ভাঁড়ামি এক। আমি বলতে চাই, এ দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। গতবারের আয়োজনে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। এবারে তা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’হাসান ইউসুফ আরও বলেন, ‘কমেডি অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের পাশের দেশ ভারতে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কোনো বিষয়কে সেভাবে তোয়াক্কা করা হয় না। কিন্তু আমাদের দেশে কমেডি অনুষ্ঠানের ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যাপারগুলো কঠোরভাবে মেনে চলতে হয়। পাশাপাশি রয়েছে দর্শকদের রুচির ব্যাপারটিও। আশা করছি, সবকিছু মিলে একটি মানসম্পন্ন অনুষ্ঠান উপহার দিতে পারব।’হা-শো অনুষ্ঠানের ব্যাপারে হাসান ইউসুফ খান আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের চারটি বিভাগে একসঙ্গে নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ঈদের পরপর শুরু হয়ে যাবে মূল অনুষ্ঠান।এনটিভি আয়োজিত হা-শোর পৃষ্ঠপোষকতায় থাকবে দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘মার্সেল’। অনুষ্ঠানটি উপলক্ষে কাল রোববার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এনটিভি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হা-শো অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।২০১০ সালে এনটিভির জোকস-ভিত্তিক রিয়ালিটি শো হা-শোতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সেবারে ২৭ পর্বে অনুষ্ঠানটি শেষ করা হয়।