আবারও সফল বেন অ্যাফ্লেক
সেরা গল্পের জন্য অস্কার বিজয়ী বেন অ্যাফ্লেক আবারও সাফল্যের মুখ দেখলেন। সম্প্রতি নিজের পরিচালিত ও অভিনীত দ্য টাউন ছবিতে সেরা অভিনয় দেখালেন আরেকবার। ছবিটি মুক্তির পর হলিউড টপ চার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছে। চুক হোগানের প্রিন্স অব থিভস উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে নিয়েছে ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার। ডাকাতি করে সহজে পালিয়ে আসার সময় ব্যাংকের মহিলা ম্যানেজারকে জিম্মি করে চার ডাকাত। ছেড়ে দেওয়ার সময় মহিলা ভয় পেলে তাঁকে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন দলের নেতা ডগ (বেন অ্যাফ্লেক)। একসময় মহিলার প্রতি তিনি দুর্বল হয়ে পড়েন। আর তাতেই পরবর্তী ডাকাতির পরিকল্পনায় বাধা পড়ে। দলে দেখা দেয় অবিশ্বাস ও ভাঙনের শঙ্কা। এমন কাহিনি নিয়ে তৈরি দ্য টাউন। উচ্ছ্বসিত বেন বলেন, দারুণ এক গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। চলচ্চিত্রাভিনেতা, লেখক, প্রযোজক, পরিচালকসহ বিভিন্নভাবে পরিচিত বেন অ্যাফ্লেকের জন্ম ১৯৭২ সালের ১৫ আগস্ট। পুরো নাম বেনজামিন গেজা অ্যাফ্লেক। চেঞ্জিং লেনস, দ্য সাম অব অল ফেয়ারস, ডেয়ারডেভিলসহ নানা ছবির কল্যাণে ক্যারিয়ারের শুরুতে নিজের পরিচিতি তুলে ধরেন বেন। তবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বিদ্যালয়ে পড়াকালে দ্য ভয়েস অব দ্য মিমি নামের শিশুদের জনপ্রিয় একটি সিরিজে অভিনয়ের মাধ্যমে। অস্কার জয় ছাড়াও ২০০১ সালে পার্ল হারবার ছবির মাধ্যমে নতুনভাবে নিজেকে পরিচিত করে তোলেন তিনি। যুদ্ধ নিয়ে তৈরি তুমুল জনপ্রিয় ছবিটি সারা বিশ্বে আয় করে ৪৪৯ মিলিয়ন ডলার। একটা সময় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বেনের। এ জুটির নাম হয়ে যায় বেনিফার। তবে শেষ পর্যন্ত টেকেনি এই সম্পর্ক। রাজনীতিতেও নিজেকে জড়িয়েছেন বেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সক্রিয় সমর্থক তিন। দলের পক্ষে হয়ে নির্বাচনেও কাজ করেছেন। অস্কার জয় ছাড়াও তাঁর ঝুলিতে জমা পড়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, গোল্ডেন রেসব্যারি অ্যাওয়ার্ড, হলিউড ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। এ ছাড়াও তালিকায় আরও রয়েছে এমটিভি মুভি অ্যাওয়ার্ড, গিল্ড অ্যাওয়ার্ড, ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড, শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ডের একাধিক নমিনেশন। শিশুদের জন্য কাজ করতে ‘এ টু জেড’ নামের একটি প্রকল্পের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বেন কাজ করছেন সামাজিক ও দুস্থ মানুষের কল্যাণে যুক্ত বিভিন্ন সংগঠনের সঙ্গে। তবে সবকিছুর পর একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিনিয়ত দর্শকদের আরও কাছে নিয়ে যেতে সক্রিয় তিনি।তথ্যসূত্র: ওয়েবসাইট