আবারও সবাইকে টপকালেন ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের একটি ফ্যাশন ম্যাগাজিন আয়োজিত সাম্প্রতিক এক ভোটে আবারও বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।যুক্তরাজ্যভিত্তিক পুরুষদের ফ্যাশন ম্যাগাজিন এফএইচএম আয়োজিত এক ভোটে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের ভোট এবারও বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত করেছে ক্যাটরিনা কাইফকে। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে। এই নিয়ে পরপর চার বছর ক্যাটরিনা সবচেয়ে আবেদনময়ী নারী খেতাবে ভূষিত হলেন।এবারের এই ভোটযুদ্ধে ক্যাটরিনা পেছনে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকান, ফ্রিদা পিন্টো থেকে শুরু করে মেগান ফক্স ও স্কারলেট জোহানসনের মতো তারকাদের। ক্যাটরিনাকে সেরা নির্বাচিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোট করেছেন তাঁর ভক্তরা।২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ক্যাটরিনার। একাধিক হিট ছবি উপহার দিয়ে এরই মধ্যে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের কাতারে নিজেকে শামিল করেছেন ২৭ বছর বয়সী এ তারকা। ‘শিলা কি জাওয়ানি’, ‘চিকনি চামেলি’র মতো আইটেম গানে অংশ নিয়ে বলিউডের আইটেম গার্ল হিসেবেও সফলতা পেয়েছেন। এ বছর তিনটি ছবিতে সালমান, শাহরুখ ও আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা।