আবারও সাংবাদিক চরিত্রে রুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফারাহ রুমা। ১৯ জুলাই থেকে শুরু হওয়া নাটকটির নাম ‘তিতির গল্প’। ইফফাত আরা তন্বীর রচিত নাটকটি পরিচালনা করবেন রিপন নবী।নাটকের গল্পে দেখা যাবে, ফারাহ রুমা একটি পত্রিকা অফিসে চাকরি করেন। একটা সময় তিনি পত্রিকার চাকরি ছেড়ে চ্যানেলে যোগ দেন। বেশ ভালোভাবেই সেখানে চাকরি করছিলেন। কিন্তু হঠাৎ চ্যানেলটি বন্ধ হয়ে গেলে ফারাহ রুমা আবার আগের পত্রিকা অফিসে এসে যোগদান করেন। নতুন করে চাকরিতে যোগদানের পর রুমার কাঁধে বিশাল চ্যালেঞ্জ এসে পড়ে। আর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মরিয়া হয়ে ওঠেন রুমা। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, “এর আগেও একটি নাটকে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলাম। সাজ্জাদ সুমনের ‘দুর্ঘটনার ফেরিওয়ালি’ নামের সে নাটকটিতে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলাম। তাই এ ধরনের চরিত্রের প্রতি আমার আলাদা দুর্বলতাও কাজ করে। এবারের গল্পটিও পড়ে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আর চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তাই বেশ আগ্রহ নিয়ে কাজটি করতে রাজি হয়েছি।”এমন একটি গল্প বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বর্তমানে পত্রিকা অফিস এবং চ্যানেলগুলোতে রদবদল চলছে। বিষয়টি আমাকে বেশ ভাবিয়েছে। তা ছাড়া নাটকটির মাধ্যমে পত্রিকা অফিস এবং চ্যানেলের যে রদবদল, সেটার একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করছি। জানি না, কতটা ফুটিয়ে তুলতে পারব। তবে আমার চেষ্টা থাকবে ভালোভাবে বিষয়গুলো তুলে আনার।’