আবারও সালমানের সঙ্গে জারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে শুরুর দিকে তাঁকে দেখে অনেকে ভুলে ক্যাটরিনা কাইফ মনে করেছিলেন। ক্যাটরিনার চেহারার সঙ্গে অনেকটা মিল থাকা এ অভিনেত্রীর নাম জারিন খান। প্রথম ছবিতেই সালমান খানের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ মেলে তাঁর। ক্যারিয়ারের শুরুতে এমন সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। বলা যায় ‘বীর’ ছবিতে জারিন খানের পারফরম্যান্স একেবারে ফ্লপ ছিল। তাই বলে কি থেমে থাকবেন তিনি? আবারও ছবিতে কাজ করার সুযোগ পেলেন তিনি। তা-ও আবার সালমানের বিপরীতে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানা গেছে, এ সুযোগটি সালমানই নাকি তৈরি করে দিয়েছেন। দ্বিতীয়বারের মতো বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে সালমানের প্রতি তিনি কৃতজ্ঞ। খবরে আরও জানা গেছে, সালমান আর জারিন খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বের কারণেই সালমানের পরবর্তী ছবি ‘রেডি’তে অভিনয়ের সুযোগ হয়েছে তাঁর।সালমানের ছবি ‘রেডি’তে একটি আইটেম গানে পারফর্ম করবেন জারিন। গানটির শুটিং হবে ব্যাংককের মনোরম লোকেশনে। গানটির কোরিওগ্রাফি করবেন রাজু খান ও মুদাসসর খান। অনেকেই মনে করছেন, ‘বীর’ ছবির রক্ষণশীল চরিত্রের জারিনকে এ ছবির আইটেম গানে একেবারেই বিপরীত একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এটিই জারিনকে বলিউডে নতুন একটা জায়গা তৈরিতে সহায়তা হয়তো করতে পারবে।