আবারও সীতার অগ্নিপরীক্ষা
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে গতকাল ২৮ জুন ‘সীতার অগ্নিপরীক্ষা’ নাটকটির কারিগরি প্রদর্শনী হয়। এ নাটকটির মাধ্যমে পাঁচ বছর পর মঞ্চ নাটকে ফেরা হচ্ছে নাজনীন হাসান চুমকির। পাঁচ বছর আগে দেশ নাটকের নৃত্যপুরাণে অভিনয় করেন তিনি। ‘সীতার অগ্নিপরীক্ষা’র অভিনয়শিল্পী ও নির্দেশক নাজনীন হাসান চুমকি বলেন, ‘দীর্ঘদিন পর আবার মঞ্চে নাটক করার সুযোগ পাচ্ছি বলে বেশ ভালো লাগছে। আবার কিছুটা ভয়ও লাগছে। এ নাটকে আমি সংগীত, নৃত্য ও অভিনয়কে একসঙ্গে মঞ্চে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। এই নাটকটি একক অভিনয়ের জন্য রচিত হলেও এটা আসলে আমাদের দলের সংগীতপরিচালক, সহযোগী শিল্পীবন্ধু ও গুরুজনদের একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল।’‘সীতার অগ্নিপরীক্ষা’র আখ্যানকে সমকালীন মঞ্চে পরিবেশনের জন্য রচনা করেছেন সাইমন জাকারিয়া। তিনি বলেন, ‘সীতার অগ্নিপরীক্ষা নাটকটি বাল্মীকি রচিত রামায়ণের উত্তরকালের ঘটনাকে অবলম্বনে করে রচনা করলেও আমি এই নাটকে রামায়ণের সামগ্রিক কাহিনিসূত্রকে ব্যক্ত করার চেষ্টা করেছি। এ ছাড়া নাটকটিতে আমাদের গ্রামবাংলায় প্রচলিত বিভিন্ন ধরনের রামায়ণ পালার বর্ণনাভঙ্গি, ব্যাখ্যা, সংগীত প্রভৃতিকে গ্রহণ করেছি। এই বিবেচনায় সীতার অগ্নিপরীক্ষা নাটকটি আমার দীর্ঘ দিনের শ্রম ও সাধনার ফসল।’