আবারও সুন্দরী প্রতিযোগিতার সঞ্চালক
আবারও ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মুনমুন। ২০০৬ সালে একই প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হয়েছিলেন তিনি। এরপর তিনবার এই প্রতিযোগিতার সঞ্চালনা করছেন।চতুর্থবার সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে মুনমুন বললেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ, একই ব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় চারবার সঞ্চালক হওয়ার সুযোগ সাধারণত হয় না। প্রতিবার অনুষ্ঠান শুরুর আগে নিজে নানাভাবে প্রস্তুতি নিই। যাতে অন্য বছরগুলোর তুলনায় কিছুটা নতুনত্ব আনা যায়। এ বছরও সেভাবেই এগোচ্ছি।’ মুনমুন জানান, এরই মধ্যে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলোর ধারণকাজ শেষ হয়েছে। শিগগিরই চ্যানেল আইয়ে পর্বগুলোর প্রচার শুরু হবে।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় এবারও বিচারকের আসনে থাকছেন সুবর্ণা মুস্তাফা। অন্য বিচারকদের নাম এখনো চূড়ান্ত হয়নি। মুনমুন জানান, উপস্থাপনার জন্য সময় বের করতে গিয়ে নাটকের ব্যস্ততা কমানোর কোনো ইচ্ছে নেই তাঁর। বললেন, ‘এজাজ মুন্নার ধূপছায়া, কৌশিক শংকর দাশের পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটকসহ আরও কয়েকটি নাটকে কাজ করছি। অভিনয় এবং উপস্থাপনার জন্য সময়টা আলাদা করে নিয়েছি, যাতে কোনো নির্মাতাই আমার জন্য ক্ষতিগ্রস্ত না হন।’মুনমুন সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তি হয়েছেন।