আবারও সেরা রবার্ট ডাউনি জুনিয়র

গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন ‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র। এর মধ্য দিয়ে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় পরপর দুই বছর সর্বাধিক আয়কারী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রাখলেন ৪৯ বছর বয়সী মার্কিন এ তারকা অভিনেতা।
গত বছরের জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময়ে রবার্ট ডাউনি জুনিয়র আয় করেছেন ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ৫২ মিলিয়ন ডলার আয় করে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত মার্কিন অভিনেতা ও সাবেক কুস্তিগির ডোয়েন জনসন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের টেলিগ্রাফ ডটকম।
গত এক বছরে ৪৬ মিলিয়ন ডলার আয় করায় তালিকায় তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ তারকা ব্র্যাডলি কুপারের নাম। তাঁর পরেই আছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘দ্য গ্রেট গাটসবাই’ ও ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির কল্যাণে লিওনার্দো পকেটে ভরেছেন ৩৯ মিলিয়ন ডলার। ৩৭ মিলিয়ন ডলার আয় করে পঞ্চম স্থান অর্জন করেছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ।
তালিকায় সেরা দশে ঠাঁই পাওয়া অন্য তারকাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেরা দশে ঠাঁই পাওয়া তারকাদের মধ্যে রয়েছেন লিয়াম নেসন, বেন অ্যাফ্লেক, ক্রিশ্চিয়ান বেল, উইল স্মিথ এবং মার্ক ওহেলবার্গ। গত এক বছরে তাঁদের আয়ের পরিমাণ যথাক্রমে ৩৬, ৩৫, ৩৫, ৩২ ও ৩২ মিলিয়ন ডলার।