আবারও হাসন রাজার গান নিয়ে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর বিরতির পর গত বছর কোরবানির ঈদে প্রকাশিত হয় সেলিম চৌধুরীর একক অ্যালবাম বাউল বাতাস। এটি ছিল তাঁর ১৭তম একক। কিছুদিন বিরতি দিয়ে আবার নতুন এককের কাজ শুরু করেছেন তিনি। এবারের অ্যালবামটি সাজানো হবে হাসন রাজার কম প্রচলিত ১২টি গান দিয়ে। এরই মধ্যে গান বাছাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।হাসন রাজার গান নিয়ে সেলিম চৌধুরী পুরো একটি অ্যালবামের কাজ করেছিলেন সর্বশেষ ১৯৯৮ সালে। নাম ছিল একদিন তোর হইব রে মরণ। সে হিসেবে বলা যায় প্রায় ১২ বছর পর হাসন রাজার গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবামের কাজ শুরু করেছেন সেলিম চৌধুরী।অ্যালবাম প্রসঙ্গে সেলিম চৌধুরী বলেন, ‘হাসন রাজার গান নিয়ে পুরো একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে আজ থেকে ১২ বছর আগে। তবে এর মধ্যে বেশ কয়েকটি অ্যালবামে বিচ্ছিন্নভাবে হাসন রাজার গান করেছিলাম। অনেক দিন পর চিন্তা করলাম, হাসন রাজার গান নিয়ে আরেকটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের। মূলত নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আমাদের ঐতিহ্যবাহী লোকগানগুলো ভিন্ন আঙ্গিকে তুলে ধরার জন্যই এভাবে কাজটি করা হয়েছে। সে জন্যই কাজটি শুরু করা। এবারের অ্যালবামে হাসন রাজার কম প্রচলিত গানগুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।’তিনি আরও বলেন, অ্যালবামে বাংলাদেশ ও ভারতের দুজন সংগীত পরিচালক কাজ করবেন। এ ছাড়া থাকবে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ব্যবহার। তবে হাসন রাজার গানগুলোর মূল সুর ঠিক রেখে সব ধরনের কাজ করা হবে।সেলিম চৌধুরী আরও জানান, হাসন রাজার গান নিয়ে এবারের অ্যালবামটি প্রকাশিত হবে লন্ডনভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনাও চূড়ান্ত হয়েছে বলে জানান শিল্পী নিজে।