আবারও হাসপাতালে আজম খান
‘গত বছরের ডিসেম্বরে চিকিত্সা শেষে দেশে আসার পর মোটামুটি ভালোই সুস্থতা বোধ করছিলেন বাবা। কিন্তু ২২ মে বাম হাতে হঠাত্ প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশের পপ গানের গুরু আজম খানের ছেলে হূদয় খান।হাসপাতালের ১৩০৭ নম্বর কেবিনে তিনি চিকিত্সক কামরুজ্জামানের (রেডিওলোজিস্ট) তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। হূদয় খান বলেন, ‘বাবাকে এখন পুরোপুরি পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। গত দুই দিন ধরে শুধু স্যালাইন দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্য কোনো চিকিত্সা আপাতত দেওয়া হচ্ছে না। তবে সিটিস্ক্যান না করা পর্যন্ত তেমন কিছুই বলা যাচ্ছে না। আজ মঙ্গলবার বাবার সিটিস্ক্যান করার কথা। তারপরই অন্য চিকিত্সা দেওয়া হবে বলে জানা গেছে।’হূদয় আরও বলেন, ‘সব ধরনের স্বাভাবিক খাবার বাবাকে দেওয়া হচ্ছে।’উল্লেখ্য, মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খানকে দ্বিতীয় দফা চিকিত্সা দিতে গত বছরের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়। কথা ছিল, মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ৫টি কেমোথেরাপি তিনি নেবেন। কিন্তু ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ১টি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর আজম খান দেশে ফিরে আসেন।