আবারও হিমেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমেশ রেশামিয়া
হিমেশ রেশামিয়া

খুব বেশিদিন আগের কথা না। ২০০৫ সাল। তখনো ফেসবুক-জ্বর ধরে বসেনি জেনারেশন ওয়াইকে। এক বছর পার করে ফেসবুক সবেমাত্র হালখাতা খুলে বসে আছে নতুন ফেসবুকারদের প্রতীক্ষায়। ঠিক এই সময়েই বলিউড ছবিতে গান গেয়ে তরুণদের মধ্যে শুধু জ্বর নয়, রীতিমতো ঝড় তুললেন এক নতুন গায়ক। কানে কানে, পাড়ার মোড়ে চাচার পানের দোকান থেকে বিয়েবাড়ির হলুদের স্টেজ—সবখানেই যেন একই ছবির কয়েকটি গানের ‘রিপিট রিপিট’ খেলা চলছে। ছবির নাম আশিক বানায়া আপনে। আর সেই ছবির টাইটেল গান ‘আশিক বানায়া আপনে’, ‘আপ কি কাশিস’, ‘দিল নাসি’ গানগুলো দিয়েই মুখে মুখে ছড়িয়ে পড়ল সেই গায়কের নাম। হিমেশ রেশামিয়া।
হ্যাঁ, সেই হিমেশ, যাঁর সঙ্গে বলিউডের পরিচয় ১৬ বছর আগেই হয়েছিল। বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল হিমেশের। বন্ধুর আবদারে সাল্লু নিজের ছবিতে সংগীত পরিচালনার সুযোগ করে দেন হিমেশকে। বলিউড-দুনিয়ায় হিমেশের শুরুটা এভাবেই। ১৯৯৮ সালে হিট পেয়ার কিয়া তো ডারনা ক্যায়া ছবিতে যতীন-ললিত আর সাজিদ-ওয়াজিদের সঙ্গে মিলিতভাবে সেই ছবির গানের সুর সংগীত করেছিলেন হিমেশ। সালমানের সঙ্গে প্রথম ছবির দুর্দান্ত অভিযাত্রাটা বজায় থাকে পরের ছবিগুলোতেও। সালমানের পরের ছবি ইয়ে হে জালওয়া, দুলহান হাম লে জায়েঙ্গে, তেরে নাম ইত্যাদি ছবিতেও সংগীত পরিচালক হিসেবে সফলতা পান হিমেশ। আর এই পথচলাটা নতুন মোড় নেয় ২০০৫ সালে এসে। সুররাজ্যের নেপথ্যে থাকা হিমেশ সেই বছর নিজেকে নিয়ে আসেন সংগীতের সামনের সারিতে। আশিক বানায়া আপনে ছবিতে তাঁর সুর সংগীত, সেই সঙ্গে প্রথমবারের মতো প্লেব্যাকে ভিন্নমাত্রার কণ্ঠ বেশ ভালো একটা জায়গা করে নেয় শ্রোতাদের মনে। শুধু জনপ্রিয়তাই নয়, ফিল্মফেয়ারে সেরা গায়কের পুরস্কারটিও বগলদাবা করেন তিনি। কিন্তু এ-ও সত্যি, দর্শকশ্রোতার কাছে খুব অল্প সময়ের মধ্যেই একঘেয়ে হয়ে ওঠে হিমেশের অনুনাসিক কণ্ঠস্বর। নিন্দুকদের ভাষায়—হিমেশের গানের খাতায় নাকি শুধু চন্দ্রবিন্দুর সমাহার। সুর করে, সংগীত পরিচালনা করে অতঃপর গান গেয়ে যখন জীবনের সব আস্বাদ নেওয়া হচ্ছিল না, তখনি তাঁর মাথায় ভূত চাপল, তিনি অভিনয় করবেন। ২০০৭ সালে নিজের জীবনকাহিনি নিয়ে বানানো আপ কা সুরুর ছবি দিয়েই বলিউডের রুপািল পর্দায় অভিষেক হিমেশের। মজার ব্যাপার, তিনি যখনি নতুন কোনো লুকে হাজির হয়েছেন, সেটাই হয়েছে হিট। তাঁর প্রথম ছবিতেও তাই লেগেছিল হিটের তকমা। এরপর প্রতিবছর একটা করে এ পর্যন্ত সাতটি ছবি করেছেন হিমেশ রেশামিয়া। কিন্তু পরের ছবিগুলো তাঁর ফিল্মি ক্যারিয়ারে আশার আলো না জ্বাললেও অভিনয়ের পোকাটা এখনো ছাড়েনি তাঁকে। সংগীত পরিচালক থেকে গায়ক, অতঃপর গায়ক থেকে নায়ক হওয়ার তাগিদে হিমেশ রেশামিয়ার প্রচেষ্টার কোনোই কমতি নেই। প্রায় ২০ কিলো ওজন কমিয়ে আবারও নতুন লুকে হিমেশ। তাঁর এই নতুন প্রচেষ্টার নাম দি এক্সপোজ। ছবিটি মুক্তি পাবে আগামীকাল।

দি এক্সপোজ ছবির একটি দৃশ্য
দি এক্সপোজ ছবির একটি দৃশ্য

ষাটের দশকের হিন্দি ছবিজগতের প্রেক্ষাপটে নির্মিত দি এক্সপোজ-এর মাধ্যমে বলিউড-জগতে পা রাখবেন সোনালি রাউত ও জোয়া আফরোজ। এই দুজনেই মডেলিংয়ের দুনিয়ায় বেশ জনপ্রিয়। ছবিতে সোনালির সঙ্গে দেখা যাবে ইরফান খানকেও। হিমেশ এই ছবিতে অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে, যিনি তদন্ত করবেন এক নায়িকার আকস্মিক মৃত্যুর ঘটনা। আত্মহত্যা, নিছক দুর্ঘটনা নাকি হত্যা—এই ধূম্রজাল যখন চারদিকে, তখন এই ধোঁয়াশা কাটাতে এগিয়ে আসেন সিদ্ধহস্ত একসময়কার পুলিশ অফিসার রবি কুমার। জানা গেছে, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববির মৃত্যুর ঘটনায় অনুপ্রাণিত এই ছবির গল্প। ছবিটি পরিচালনায় রয়েছেন অনন্ত নারায়ণ মহাদেবন। নিতান্ত মার্ডার হিস্ট্রি ধাঁচের এই ছবি দিয়েই বলিউডে অভিষেক ঘটবে বলিউডের বর্তমান সময়ের শীর্ষ র্যাপর গায়ক, হালের ক্রেজ হানি সিংয়ের।
সাজিদুল হক
বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপিডিয়া অবলম্বনে