আবারও হুমায়ূনের তাঁরা তিনজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীবাবা ডোরের বিজ্ঞাপনচিত্রে এজাজ, স্বাধীন খসরু ও ফারুক আহমেদ
আলীবাবা ডোরের বিজ্ঞাপনচিত্রে এজাজ, স্বাধীন খসরু ও ফারুক আহমেদ

ফারুক আহমেদ, এজাজুল ইসলাম ও স্বাধীন খসরু—হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে এই তিনজন একসঙ্গে অভিনয় করেন। একে একে তাঁরা তিনজন হুমায়ূন আহমেদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তাও। এবার তাঁরা তিনজন আবারও অভিনয় করলেন। তবে নাটকে নয়, তাঁরা তিনজন এবার একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করলেন। তা-ও আবার এটির পরিচালক তাঁদেরই একজন। আলীবাবা ডোরের এই বিজ্ঞাপনচিত্রের নির্দেশনা দিয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের পরিচালনায় প্রথমবার একসঙ্গে তিনজন বিজ্ঞাপনচিত্রে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত।

চলতি সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে ফারুক আহমেদের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটির সম্প্রচার শুরু হবে। প্রথম নির্দেশিত বিজ্ঞাপনচিত্রটি নিয়ে নিজের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে বলেই জানান তিনি।ফারুক আহমেদ বলেন, ‘আমাদের তিনজনকে হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে দেশের মানুষ চিনেছে। অনেক দিন পর একসঙ্গে কাজ করতে গিয়ে হুমায়ূন আহমেদের আবেগটাই বেশি কাজ করেছে। আমাদের তিনজনের এই বিজ্ঞাপনচিত্রে কাজ করার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন আলীবাবা ডোরের মালিক। তাঁর আগ্রহেই আমরা একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম।’

ফারুক আহমেদ এ-ও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আমি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হই। মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি তখন নিয়মিতভাবে নির্দেশনাও দিতাম। এরপর ঢাকা থিয়েটারে যোগ দিলে আর মঞ্চনাটকের নির্দেশনা দেওয়া হয়নি। তখন থেকে অবশ্য মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকে নিয়মিত অভিনয় শুরু করি। এরই ফাঁকে তিনটি নাটকের নির্দেশনা দিয়েছি। তাই নির্মাণের বিষয়টি সব সময়ই নিজের মধ্যে ছিল।’