আবারও ‘আর মিউজিক’-এ আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে আবারও শুরু হচ্ছে ইনস্ট্রুমেন্টাল গানের অনুষ্ঠান ‘আর মিউজিক’। এবারও অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন বাংলাদেশের রক লিজেন্ডখ্যাত কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু। আরটিভির অনুষ্ঠান প্রধান মিনহাজুর রহমান অনুষ্ঠানটির নতুন করে সম্প্রচার এবং আইয়ুব বাচ্চুর উপস্থাপনার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। এদিকে অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ মঙ্গলবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।আবারও ‘আর মিউজিক’ অনুষ্ঠানটির শুরু প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘এই অনুষ্ঠানটির জন্য আরটিভির কাছ থেকে অনেক অনুরোধ ছিল। শুনেছি, আরটিভির কাছে দর্শকদেরও অনুষ্ঠানটি নিয়ে অনেক চাওয়া ছিল। তবে আগের অনুষ্ঠানে শুধু জ্যেষ্ঠ শিল্পীরাই উপস্থিত থাকতেন। এবার তাঁদের পাশাপাশি এ প্রজন্মের শিল্পীদেরও অংশগ্রহণ থাকবে। এ ছাড়া আগের অনুষ্ঠানটি ছিল শুধু ইনস্ট্রুমেন্টাল সংগীতনির্ভর। এবারেরটিতে ইনস্ট্রুমেন্টের পাশাপাশি অর্কেস্ট্রার পরিবেশনা থাকবে। বলা যায়, বেশ কিছু বৈচিত্র্য নিয়ে এবারের আর মিউজিক দর্শকদের সামনে আসছে।’আরটিভির অনুষ্ঠানপ্রধান মিনহাজুর রহমান, ‘আইয়ুব বাচ্চুর উপস্থাপনায় আর মিউজিক কিন্তু তখন সবার কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। হঠাত্ করে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় দর্শকেরা বেশ হতাশ হন। এর পর নানাভাবে দর্শকেরা অনুষ্ঠানটি সম্পর্কে নানা কিছু জানতে চান। সত্যি কথা বলতে, দর্শকদের চাহিদার প্রতি সম্মান দেখিয়ে আবারও নতুনভাবে অনুষ্ঠানটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’১৪ জুন সন্ধ্যা থেকে আরটিভিতে আবারও শুরু হবে ‘আর মিউজিক’ অনুষ্ঠানটি।উল্লেখ্য, ২০০৬ সালের জানুয়ারিতে আরটিভিতে আইয়ুব বাচ্চুর উপস্থাপনায় প্রথম শুরু হয় ইনস্ট্রুমেন্টাল গানের অনুষ্ঠান ‘আর মিউজিক’। এক বছরের মাথায় অনুষ্ঠানটির উপস্থাপনায় পরিবর্তন আসে। তারপর উপস্থাপক হিসেবে আরেক সংগীতশিল্পী এস আই টুটুলকে নিয়ে অনুষ্ঠানটির ২০ পর্ব প্রচারিত হয়।