আবারও ‘চণ্ডালিকা’ করছেন শর্মিলা
রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতে জাতীয় পর্যায়ে যৌথভাবে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানমালা। ভারতের কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে মঞ্চস্থ হবে গীতিনৃত্যনাট্য চণ্ডালিকা। নৃত্য পরিচালনা ও চণ্ডালিকার ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে চণ্ডালিকা নৃত্যনাট্যটি নতুন করে তৈরি করছেন তিনি।শর্মিলা বলেন, ‘১৯৯৭ সালে সাধনার প্রযোজনায় আমি প্রথম চণ্ডালিকা করেছিলাম। এবার এটি তৈরি করছি রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে। প্রথম প্রদর্শনীটি হবে ১০ মে, কলকাতার ইজেডসিসি মিলনায়তনে।’ শর্মিলা জানালেন, কোরিওগ্রাফিতে কিছুটা নতুনত্ব এনেছেন তিনি।এক ঘণ্টা ১৬ মিনিটের চণ্ডালিকা গীতিনৃত্যনাট্যের সংগীত পরিচালনা করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, পীযূষ বড়ুয়া, কৌশিক শঙ্কর দাশ ও সুরের ধারার শিল্পীরা। এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে গীতিনৃত্যনাট্যটির চূড়ান্ত মহড়া হচ্ছে।