আবারও ‘ট্যাক্সি ড্রাইভার’ হাসান মাসুদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘থ্রি কমরেডস’ নামের একটি ধারাবাহিক নাটকে আবারও ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করলেন হাসান মাসুদ। এর আগে আশুতোষ সুজন পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ নামের একটি ধারাবাহিকে এমনই একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার এ অভিনেতা। ‘থ্রি কমরেডস’ নাটকে অভিনয় প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘আমাদের দেশে ট্যাক্সি ড্রাইভারদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হিসেবেই ভাবা হয়। কিন্তু এটা ঠিক না। তাঁদের আয়-রোজগার যথেষ্ট ভালো। উন্নত দেশগুলোতে এ পেশা অনেক বেশি সম্মানজনক। ট্যাক্সি ড্রাইভারদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পালটানো উচিত। থ্রি কমরেডস নাটকের মাধ্যমে এ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা।’ ‘থ্রি কমরেডস’ নাটকের কাহিনিতে দেখা যাবে, বাড়িওয়ালার মেয়ে কলেজপড়ুয়া অহনাকে পটানোর চেষ্টা করেন হাসান মাসুদ। যদিও অহনা হাসান মাসুদের ট্যাক্সিতে করে বিনা পয়সায় কলেজে আসা-যাওয়া করে, তার পরও তাঁর প্রতি অহনার এতটুকু ভালোবাসা জন্মায় না। হাসান মাসুদ ট্যাক্সি ড্রাইভার হওয়ায় অহনা তাঁকে একদমই পছন্দ করে না। দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে অবশেষে হাসান মাসুদ নেশাগ্রস্ত হয়ে পড়েন। একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনার এ নাটকটির রচয়িতা শফিকুর রহমান শান্তুনু। ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।এ ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইনামুল হক, শাহরিয়ার নাজিম জয়, নওশীন, গোলাম ফরিদা ছন্দা, আদনান ফারুক হিল্লোল, শামস সুমন, সীমানা, তুষার মাহমুদ প্রমুখ। চলতি মাসের শেষ দিকে একুশে টেলিভিশনে নাটকটির প্রচার শুরুর সম্ভাবনা রয়েছে।