আবারও 'রঙ্গমাতন সোলায়মান মেলা'

১৮ সেপ্টেম্বর শুক্রবার চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা’। বাংলাদেশের থিয়েটার আন্দোলনের খ্যাপাটে নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের স্মরণে এই মেলার আয়োজন করা হচ্ছে। ২০০৭ সালে নাটকের পত্রিকা থিয়েটারওয়ালা প্রথমবারের মতো ‘রঙ্গমাতন সোলায়মান মেলা ২০০৭’ নামে এই মেলার আয়োজন করে। ২০০৮ সালে দ্বিতীয় আয়োজন করে থিয়েটারওয়ালা এবং ২০১৩ সালে তৃতীয় আয়োজক ছিল নাট্যদল ‘থিয়েটার আর্ট ইউনিট’।
এবার নাট্যদল ‘প্রাচ্যনাট’-এর আয়োজনে হচ্ছে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা ২০১৫’। চতুর্থ এই আয়োজনে সকাল ১০টা থেকে দিনব্যাপী থাকছে বিভিন্ন নাট্যদলের আলাদা স্থানে পারফরম্যান্স। বেলা আড়াইটায় শুরু হবে উন্মুক্ত বৈঠক। এবারের বৈঠকের শিরোনাম ‘চোখ বুজে থাকুন: বাইরে প্রলয় ঘটছে’। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে এস এম সোলায়মান নির্দেশিত নাটক কোর্ট মার্শাল। সবশেষে সবার অংশগ্রহণে অগ্নিচক্র-নৃত্যের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি টানা হবে।
এবারের মেলায় আরণ্যক নাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্যসম্প্রদায়, উদীচী, বটতলা, তীরন্দাজ, বাতিঘর ও প্রাচ্যনাট—এই আটটি নাট্যদল তাদের নিজস্ব স্পেসে পারফরম্যান্স করবে।