আবিদকে উৎসর্গ করে রিংকুর 'বাউল বেশে রবি ঠাকুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিংকু
রিংকু

আবিদ শাহরিয়ার ও মশিউর রহমান রিংকু দুজনেই ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশের অন্যতম দুই প্রতিযোগী। বছর দুয়েক আগে কক্সবাজারে সমুদ্রে ডুবে মারা যান আবিদ। সম্প্রতি বন্ধু প্রতিম সহকর্মী আবিদকে নিজের রবীন্দ্রসংগীতের অ্যালবামটি উৎসর্গ করলেন রিংকু। আবিদকে উৎসর্গ করা রিংকুর অ্যালবামটির নাম ‘বাউল বেশে রবি ঠাকুর’।

রিংকু জানান, গত পহেলা বৈশাখেই রবীন্দ্রসংগীতের অ্যালবামটি প্রকাশ পাওয়ার কথা ছিল। নানা ব্যস্ততার কারণে তা আর সম্ভব হয়নি। তবে অ্যালবামটির জন্য ভক্তদের আর অপেক্ষা করতে হচ্ছে না। আগামীকাল শনিবার থেকে বাজারে পাওয়া যাবে ‘বাউল বেশে রবি ঠাকুর’ অ্যালবামটি। কাল থেকে বাজারে পাওয়া গেলেও ৪ আগস্ট সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে বলে জানান রিংকু।

বাউল বেশে রবি ঠাকুর’ রিংকুর অষ্টম একক অ্যালবাম। দুটি গানের ডাবল ভার্সনসহ এতে মোট গান রয়েছে আটটি। কয়েকজন যন্ত্রশিল্পীকে নিয়ে গানগুলোর সংগীতায়োজন করেছেন রিংকু নিজেই। অ্যালবামটি প্রসঙ্গে তিনি বলেন বলেন, ‘এই উপমহাদেশে লোকসংগীতের দিকপাল হচ্ছেন লালন সাঁই। রবীন্দ্রনাথের কিছু গানেও লালনের ছায়া খুঁজে পাওয়া যায়। তেমনই কিছু গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। আর তাই নামও দিয়েছি বাউল বেশে রবি ঠাকুর।’ 

‘বাউল বেশে রবি ঠাকুর’ অ্যালবামটি প্রকাশ করেছে রিংকুর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্ক অডিও ভিজ্যুয়াল। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে রিংকু বলেন, ‘বাংলা লোকসাহিত্য ও সংস্কৃতির চর্চা, প্রসার, প্রচার এবং সংরক্ষণের লক্ষ্য নিয়ে সম্পর্ক নামের প্রতিষ্ঠানটি খুলেছি। আশা করি, এই কাজে সবার সহযোগিতা পাব।’  

‘বাউল বেশে রবি ঠাকুর’ অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘কোন ফুলে পূজিব রাঙা চরণ তোমার’, ‘এবার তোর মরা গাঙ্গে বান ডেকেছে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘যে তোরে পাগল বলে’ ও ‘ভেঙে মোর ঘরের চাবি’।