আবিদের মৃত্যু: তদন্তের দাবিতে খুলনায় মানববন্ধন
ক্লোজআপ তারকা রবীন্দ্রসংগীতশিল্পী মিনা আবিদ শাহরিয়ারের সাগরে ডুবে মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে আজ শনিবার সকালে খুলনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।আবিদ স্মৃতি পরিষদের আহ্বানে আজ সকাল ১০টা থেকে বিপুলসংখ্যক মানুষ খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য দেন কবি আবু বকর সিদ্দিক, আবিদ স্মৃতি পরিষদের আহ্বায়ক মইন উদ্দিন আহমেদ, অধ্যক্ষ জাফর ইমাম প্রমুখ। বক্তারা ‘মাত্রা’র আচরণের তীব্র নিন্দা জানান এবং আবিদের মৃত্যুর তদন্ত দাবি করেন।মানববন্ধন শেষে আবিদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এক লিখিত বক্তব্যে আবিদের বাবা মিনা মিজানুর রহমান বলেন, আবিদের মৃত্যুর আট দিন পার হলেও ‘মাত্রা’র পক্ষ থেকে কোনো সমবেদনা জানানো হয়নি। তা ছাড়া আবিদের লাশ খুলনায় পাঠানোরও কোনো ব্যবস্থা ওই সংস্থা করেনি। তাদের পক্ষ থেকে আবিদের মৃত্যুর ঘটনাটি তদন্তের দাবি করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।যোগাযোগ করা হলে মাত্রার পক্ষে আফজাল হোসেন বলেন, মৃত্যুটা আকস্মিক। তাই পরিবারের সদস্যরা অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু আবিদসহ সবাই মাত্রা পরিবারের সদস্যের মতোই ছিল। তিনি বলেন, ঘটনার সময় মাত্রার সবাই কক্সবাজারে ছিলেন। তাই আকস্মিক এ ঘটনার পর কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, তবে তা একেবারেই ইচ্ছাকৃত নয়।উল্লেখ্য, গত ২৯ জুলাই কক্সবাজারে সাগরে ডুবে মারা যান আবিদসহ তিনজন।