আবু জাফর শামসুদ্দীন স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দীন স্মরণে বাংলা একাডেমী গতকাল মঙ্গলবার বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর সচিব মো. আলতাফ হোসেন। ‘পদ্মা মেঘনা যমুনা: সাবেকী অথবা আধুনিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক। আলোচক ছিলেন শহিদুল ইসলাম ও সুব্রত বড়ুয়া। সভাপতিত্ব করেন অজয় রায়।স্বাগত বক্তব্যে আলতাফ হোসেন বলেন, আবু জাফর শামসুদ্দীন মুক্তিযুদ্ধে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন। বাংলা একাডেমীতে তাঁর কর্মজীবন ছিল অত্যন্ত সফল। একাডেমীর সূচনাপর্বে অনুবাদ বিভাগকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণযোগ্য। প্রাবন্ধিক মফিদুল হক বলেন, আবু জাফর শামসুদ্দীন এক ঐতিহাসিক যুগসন্ধির সন্তান। এই উত্তালতার প্রভাব তাঁর সাহিত্যকর্মেও প্রতিফলিত হয়েছে। পদ্মা মেঘনা যমুনা শীর্ষক বিশালকায় উপন্যাসও উপর্যুক্ত প্রেক্ষিতে বিচার্য। অসাম্প্রদায়িক জীবনবোধ, প্রান্তিক জনগোষ্ঠীর মুক্তির আকাঙ্ক্ষা ও বাঙালির শাশ্বত স্বাধীনতার সাধনা এই উপন্যাসের চরিত্র ও কাহিনি বিস্তারে বিশেষভাবে লক্ষ করা যায়। বিপ্লবী সমাজবাদ তাঁর কথাসাহিত্যের নেপথ্যে সক্রিয় ছিল। ধ্রুপদি উপন্যাসের কাঠামোয় তিনি ধরতে চেয়েছেন বিশাল বাংলাকে। জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি অঙ্গীকারের স্বাক্ষর অঙ্কিত হয়েছে পদ্মা মেঘনা যমুনায়। এখানে খুঁজে পাওয়া যাবে বাঙালির সমন্বিত জীবনসাধনার স্বরূপ। শুধু বাস্তবতার উপস্থাপন নয়, করুণ বাস্তবতা থেকে উত্তরণের সংগ্রাম ও স্বপ্নের কথাও এখানে রূপায়িত হয়েছে। তিনি আরও বলেন, পদ্মা মেঘনা যমুনা সাবেকী কালকে ধারণ করেও চেতনায় আধুনিক। সুব্রত বড়ুয়া বলেন, আবু জাফর শামসুদ্দীন ছিলেন সর্বতোমুখী ব্যক্তিত্ব। বিজ্ঞান-দর্শন-রাজনীতি বিষয়ে তাঁর যে অনন্য ব্যুৎপত্তি ছিল, তার প্রতিফলন ঘটেছে তাঁর সৃষ্টিকর্মে। বাংলাদেশের কালক্রমিক ইতিহাসকে তিনি উপন্যাসের অবয়বে ধরতে চেয়েছেন।শহিদুল ইসলাম বলেন, আবু জাফর শামসুদ্দীনের আত্মজীবনী আত্মস্মৃতিতে ধরা আছে বিশ শতকের বাংলার ইতিহাসের অনেক অজানা অধ্যায়। বাংলার সমাজ-রাজনীতির অনুপুঙ্খ চিত্র এখানে উদ্ভাসিত। সভাপতির বক্তব্যে অজয় রায় বলেন, আবু জাফর শামসুদ্দীন ত্রিকালদর্শী লেখক। তাঁর রচনায় বাঙ্ময় হয়েছে বাঙালির সংগ্রামী ঐতিহ্য। তাঁর কথাসাহিত্যে যেমন তৃণমূল মানুষের জনজীবন উঠে এসেছে, তেমনি তাঁর প্রবন্ধ-নিবন্ধের মধ্য দিয়ে তিনি শক্তিশালী করেছেন বাঙালি জাতীয়তাবাদের ধারণাকে। অনুষ্ঠানে আবু জাফর শামসুদ্দীনের মুক্তি উপন্যাসের অংশবিশেষ পাঠ করেন আবৃত্তিশিল্পী কাজী আবু জাফর সিদ্দিকী।কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণসভাকবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে বাংলা একাডেমী আজ বুধবার বিকেল চারটায় একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সৌমিত্র শেখর। আলোচক থাকবেন গোলাম কুদ্দুছ ও তারেক রেজা। সভাপতিত্ব করবেন কামাল লোহানী।জয়নুল গ্যালারিতে চলছে শিশুদের প্রদর্শনীআকাশে উড়ছে হেলিকপ্টার। তবে সেটি দেখতে অনেকটা মাছের মতো। তার ওপর বসে আছে ছোট ছোট শিশু। ছবিটি এঁকেছেও ওই হেলিকপ্টারের যাত্রীদের মতোই খুদে আঁকিয়েরা। ৯ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে খুদে আঁকিয়েদের ছবির এই প্রদর্শনী। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল চতুর্থবারের মতো ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’ নামের এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে তিন থেকে ১৫ বছরের শিশু-কিশোরেরা চারটি বিভাগে অংশ নেয়। তাদের মধ্য থেকে নির্বাচিত ৮০টি ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিশুরা মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গ্রামীণ জীবন, নিসর্গদৃশ্যসহ বিভিন্ন বিষয়ের ছবি এঁকেছে। আয়োজকেরা জানান, ২৩ জুন এই ৮০টি ছবির মধ্য থেকে প্রতিটি বিভাগের চারজন করে বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।