আবু সাইয়ীদের রূপালী বৃত্তে সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন আবু সাইয়ীদ। ছবিটির নাম হচ্ছে ‘রূপালী বৃত্ত’। আবু সাইয়ীদ পরিচালিত এটি সপ্তম চলচ্চিত্র। এর আগে তিনি ‘কীত্তনখোলা’, ‘শঙ্খনাদ’, ‘নিরন্তর’, ‘বাঁশি’, ‘রূপান্তর’ ও ‘অপেক্ষা’ নামের ছয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘রূপালী বৃত্ত’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন টিভি অভিনেতা মীর সাব্বির। এর আগে তিনি ‘কি জাদু করিলা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরই মধ্যে পরিচালক ছবিটির চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটি সর্ম্পকে আবু সাইয়ীদ বলেন, ‘হুমায়ূন আহমেদের জনম জনম অবলম্বনে আমি নিরন্তর ছবিটি তৈরি করি। আমি যখন ছবিটি করতে যাই, তখন উনি আমাকে বলেছিলেন, আমি যদি চাই তাহলে ওনার পেন্সিলে আঁকা পরী উপন্যাসটা নিয়েও কাজ করতে পারি। তারপর আমি ওই উপন্যাসটি পড়ি এবং খুব ভালো লাগে। এর পরই আমি ছবিটি করার জন্য নিজেকে প্রস্তুত করি। তবে এটা ঠিক যে জনম জনমের স্ক্রিপ্ট লেখার আগেই আমি পেন্সিলে আঁকা পরী উপন্যাসের স্ক্রিপ্ট তৈরি করি। তাঁর মানে নিরন্তর সিনেমার আগেই রূপালী বৃত্ত ছবির স্ক্রিপ্ট তৈরি করে ফেলি। কিন্তু পরবর্তী সময়ে নিরন্তরটাই আগে করা হয়।’ছবিটি সর্ম্পকে আবু সাইয়ীদ এও বলেন, ‘নিরন্তরের মতো এ ছবিটিও একটু নারীকেন্দ্রিক। এটায়ও নারীদের মনস্তাত্ত্বিক কিছু বিষয় তুলে ধরা হয়েছে।’ শিল্পী নির্বাচন সম্পর্কে পরিচালক আরও বলেন, এরই মধ্যে কয়েকজন অভিনেতাকে চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন মীর সাব্বির, জয়ন্ত চট্টোপাধ্যায় ও এজাজুল ইসলাম। প্রধান নারী চরিত্রটি এ মাসের মধ্যেই নির্বাচন করা হবে বলেও পরিচালক জানান।ছবিতে অভিনয় সর্ম্পকে সাব্বির বলেন, ‘ছবিটির গল্প আমার অসম্ভব ভালো লেগেছে। তা ছাড়া সাইয়ীদ ভাই আমাদের ঘরানারই নির্মাতা। তাই এ ছবিটি করার জন্য আমার আগ্রহটা অনেক বেশি।’ পরিচালক আরও জানান, গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ২০১১ সালের শুরুতেই রূপালী বৃত্ত ছবির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।