আবু সাইয়ীদের নতুন ছবি ‘অপেক্ষা’
আবু সাইয়ীদ এবার তাঁর ষষ্ঠ ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম অপেক্ষা। অনেক দিন আগে একই নামে আরেকটি ছবি তৈরি করেছিলেন দিলীপ বিশ্বাস। একই নামে দুটো ছবি? সাইয়ীদ বললেন, ‘দিলীপ বিশ্বাসের পরিবারের সঙ্গে এ ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তাদের অনুমতি নিয়ে চেষ্টা করব এ নামটিই রাখার জন্য। কারণ, আমার ছবির গল্পের সঙ্গে নামটির যথেষ্ট মিল রয়েছে।’গত রোববার থেকে বগুড়ার ধুনটে ছবির শুটিং শুরু করেছেন সাইয়ীদ। এর আগে তিনি একই এলাকায় কিত্তনখোলা, শঙ্খনাদ ও বাঁশি ছবির কাজ করেছিলেন। বারবার একই জায়গায় ছবির কাজ করা প্রসঙ্গে বললেন, ‘এটা আমার নিজের এলাকা। তাই কাজ করতে খুব স্বচ্ছন্দ অনুভব করি।’সাইয়ীদ তাঁর এই ছবির কাজ করছেন ডিজিটাল প্রযুক্তিতে। পরে তা ভারতের মুম্বাইয়ে ৩৫ মিলিমিটার প্রযুক্তিতে পরিবর্তন করা হবে।সাইয়ীদ জানান, ধুনট থেকে ফিরে ঢাকা, ময়মনসিংহ ও ধামরাইয়ে ছবির কাজ করবেন তিনি। তাঁর এই ছবিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আহসানুল হক, মিরানা জামান ও মাহমুদ উজ্জ্বল।ছবির শুটিং হবে মে মাস পর্যন্ত। পাশাপাশি চলবে সম্পাদনা ও ডাবিংয়ের কাজও। সব শেষ হতে জুলাই পর্যন্ত সময় লাগবে। আর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন সেপ্টেম্বর নাগাদ।আবু সাইয়ীদ সর্বশেষ তৈরি করেন চলচ্চিত্র রূপান্তর।