আবৃত্তি ও গানে শহীদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল বিকেলে ‘গণ-অভ্যুত্থান ৬৯’ অনুষ্ঠানে শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন শিল্পীরা ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল বিকেলে ‘গণ-অভ্যুত্থান ৬৯’ অনুষ্ঠানে শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন শিল্পীরা ছবি: প্রথম আলো

শীতের বিকেলে কবিতা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল সোমবার ‘গণ-অভ্যুত্থান ৬৯’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জাদুঘর প্রাঙ্গণের মঞ্চে।
অনুষ্ঠানের শুরুতেই ছিল শহীদদের স্মরণ করে আলোচনা ও স্মৃতিচারণা। শহীদ মতিউরের পিতা ৯৪ বছর বয়সী আজহার আলী মল্লিক পুত্রের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘আমার ছেলে শহীদ হয়েছে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই দেশ পেয়েছি। কিন্তু এ দেশে এখনো মানুষ মানুষকে পোড়ায়, খুন করে—এমন তো হওয়ার কথা ছিল না।’
শহীদ মতিউর ও শহীদ আসাদকে নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।
দ্বিতীয় পর্বে আবৃত্তিতে অংশ নেয় স্বরচিত্র। কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ‘আসাদের শার্ট’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন স্বরচিত্রের শিল্পীরা।
এর পরে ছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গণসংগীত। ‘আমাদের সংগ্রাম চলবেই, ‘আমরা জীবনের গান গাই’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান শিল্পীরা।
আবৃত্তিসন্ধ্যা
চারুকণ্ঠ আবৃত্তি সংসদ আজ মঙ্গলবার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ‘বিনম্র রোদের ছায়া’ শীর্ষক কবি মুহাম্মদ সামাদের কবিতা আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছে। চারুকণ্ঠ কয়েক বছর ধরে এই শিরোনামে নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান করছে। এরই ধারাবাহিকতায় এবার তাদের চতুর্দশতম অনুষ্ঠানটি হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়।