আবৃত্তি মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুবাকের ‘নির্বাচিত উচ্চারণ’২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাচিক উচ্চার-চর্চা কেন্দ্র চারুবাক আয়োজন করেছিল ‘নির্বাচিত উচ্চারণ’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানটি গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন দেবাশিস রূপন। অনুষ্ঠানটি হয়েছে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর অনুষ্ঠান শুরু হয় সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতাটির সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে। এ ছাড়া অন্যান্য সম্মিলিত পরিবেশনার মধ্যে ছিল ‘বিদ্রোহী’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ ও ‘দুঃসময়’ কবিতা। আর একক আবৃত্তির মধ্যে সুকান্তের ‘দেশলাইয়ের কাঠি’, ‘দেওয়ালী’, ‘আগামী’, ‘দুর্মর’ প্রভৃতি; নজরুলের ‘ঝিঙেফুল’, ‘অগ্রনায়ক’, ‘প্রভাতী’, ‘দুরন্ত পথিক’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ত্রাণ’, ‘পত্রলেখা’, ‘পথের বাঁধন’, ‘বিষ্টি পড়ে টাপুর’ প্রভৃতি ছিল অন্যতম।চারুবাক সূত্রে জানা যায়, প্রতি চার মাসে একবার করে নির্দিষ্ট এক বা একাধিক কবির কবিতা নিয়ে এ ধরনের আয়োজন করা হবে।‘নির্বাচিত উচ্চারণ’-এর প্রথম পর্বের দ্বিতীয় পর্যায়ে ছিল দুই ‘প্রতিশ্রুতিশীল’ আবৃত্তিশিল্পী আশরাফুল হাসান ও তামান্না সারোয়ারকে শুভেচ্ছা-স্মারক প্রদান অনুষ্ঠান। দুই বরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় আর আহ্কাম উল্লাহ্র হাত থেকে শুভেচ্ছা-স্মারক গ্রহণের পর তাঁরা দুজনই একক আবৃত্তি পরিবেশন করেন। কণ্ঠশীলনের ‘বর্ষামানব’গত ২৯ সেপ্টেম্বর একই মঞ্চে হয়ে গেল কণ্ঠশীলনের ইতিহাসভিত্তিক নতুন আবৃত্তি প্রযোজনা ‘বর্ষামানব’। এখানে ‘বর্ষামানব’কে ইতিহাসের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থাপন করা হয়েছে।রাজীব দের রচনা ও মীর বরকতের নির্দেশনায় পরিবেশিত প্রযোজনাটির বিষয়বস্তু সাতচল্লিশের দেশভাগ থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত বিস্তৃত। স্থান পেয়েছে আজকের বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টিও। বিশেষ করে সংলাপের মধ্য দিয়ে যখন প্রশ্ন করা হয়, স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের মগজে সাম্প্রদায়িকতার বীজ বপনের অপরাধ যে তারা করছে ৪০ বছর ধরে, সেসবের বিচার কে করবে? তখন তা নতুন চিন্তার খোরাক জোগায়।‘বর্ষামানব’ তিনটি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন নির্দেশক। ‘একজন থাকলেও ক্ষতি হতো না। তবে তিনজন মানুষ একজন বহু মানুষের প্রতিধ্বনি সৃষ্টি করবে—লক্ষ্যটি এ রকম। সূত্রধরের বর্ণনার আড়ালে চরিত্রগুলোর ক্ষণকালের স্বরাগমন-নির্গমনে নাটকীয় রস সঞ্চারের প্রয়াস রয়েছে।’ বলেছেন মীর বরকত। মঞ্চসজ্জা, আলোক-প্রক্ষেপণ, আবহসংগীত শুনে যে কেউ একে শ্রুতিনাটক বলে ভুল করতে পারেন। মনে হতে পারে, এ কি তা হলে নাট্য-আবৃত্তি বা আবৃত্তি-নাট্যজাতীয় নতুন ধরনের কিছু? পুরোপুরি নাটকীয় আবহ এবং নাট্য-গুণসম্পন্ন সংলাপের সাবলীল প্রকাশ দেখে কখনো কখনো একে আবৃত্তি প্রযোজনা বলতে দ্বিধা হয়। তবে পুরো প্রযোজনাটি ছিল উপভোগ্য।  ইসমাইল হোসেন