আবৃত্তির টানে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সন্ধ্যা নামল। হাতে হাতে পৌঁছে গেল এক হাজার ৯৭১টি মোমবাতি। তবে সরোবরে উপস্থিত সবার হাতে পৌঁছায়নি। কেননা, মোমবাতির সংখ্যার তুলনায় মানুষ প্রায় তিন গুণ। মঞ্চে মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী তাঁর হাতের মোমের সলতেতে আগুন স্পর্শ করলেন। মুহূর্তে সরোবর চত্বরে উপস্থিত সবার হাতের মোমবাতি জ্বলে আলোকময় হয়ে উঠল অন্ধকার জায়গাটা। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশে সমস্বরে সবাই গেয়ে উঠলেন ‘সব কটা জানালা খুলে দাও না’। ২৫টি কবিতা আবৃত্তির পর ২৫ মার্চের কালরাতকে স্মরণ করেই এ অংশটুকুর অবতারণা করা হয়।
এই ছিল গতকাল সন্ধ্যায় বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’-এর চিত্র। প্রতিবছরের মতো এবারও পঞ্চমবারের এ আয়োজনে ৭১টি কবিতা আবৃত্তি করেন তিনি। আবৃত্তির অনুষ্ঠানে নানা বয়সের বহু মানুষের উপস্থিতিতে ঢাকার মানুষের আবৃত্তিপ্রেমের প্রমাণ মেলে আবারও।
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ এবং হাসান আবিদুর রেজা জুয়েলের কণ্ঠে ‘মনে পড়ে রুবি রায় ও কফি হাউস’ গানটির সঙ্গেও আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।