আবৃত্তির ডিভিডি অ্যালবাম ‘প্রত্যাশার প্রতিধ্বনি’
দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাতে প্রকাশিত হয়েছে আবৃত্তির ডিভিডি অ্যালবাম ‘প্রত্যাশার প্রতিধ্বনি’। সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলার নজরুল মঞ্চে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। ‘প্রত্যাশার প্রতিধ্বনি’ অ্যালবামে ঠাঁই পেয়েছে জীবনানন্দ দাশ, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, সুকুমার বড়ুয়াসহ স্বনামধন্য কবিদের মোট ১৬টি কবিতার আবৃত্তি। আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র পালের প্রথম ও একক এ অ্যালবামটি প্রযোজনা করেছে স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়াল। দেশের প্রতি ভালোবাসা ও দেশের জন্য নতুন উদ্যম নিয়ে কাজ করার প্রেরণা সঞ্চারিত হবে এই অ্যালবামের প্রতিটি কবিতার মধ্য দিয়ে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন স্বপ্নসিঁড়ির প্রধান নির্বাহী সেজুল হোসেন। অ্যালবামের প্রতিটি কবিতায় চারপাশের হতাশা, নিরাশা, অসুস্থ ও অপ্রত্যাশিত পরিবেশ-পরিস্থিতির মধ্যেও বারবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে প্রত্যাশার কথা। শুধু বইমেলায় নয়, সারা দেশের জেলা শহরে পাওয়া যাবে ‘প্রত্যাশার প্রতিধ্বনি’। এটির দাম ধরা হয়েছে ১০০ টাকা।