আবেগ হারিয়ে ফেলা ‘যন্ত্র মানুষের’ ছবি
সভ্যতার সূচনাকাল থেকে প্রতিনিয়ত প্রগতির পথে এগিয়ে যাচ্ছে মানুষ। কালের পরিক্রমায় বহু পথ হেঁটে এসেছে সে। মানুষ আর যেন আগের মতো নেহাতই মানবিক নয়। যন্ত্র গড়তে গড়তে তার মধ্যেও দেখা দিয়েছে যান্ত্রিকতার প্রভাব। দিন দিন মানবিকতা, আবেগ হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। মানুষ যেন ক্রমশ হয়ে উঠছে তার গড়া রোবটের মতোই ‘রোবটিক’। আজকের মানুষের এ আবেগহীন যন্ত্রানুগ জীবনেরই খণ্ড খণ্ড ছবি চিত্রপটে তুলে ধরেছেন তরুণ শিল্পী আমজাদ আকাশ। এসব ছবি নিয়ে গত সোমবার থেকে চলছে ‘মানুষের দ্বিচারিতা ও যান্ত্রিক জীবনযাপন’ শীর্ষক শিল্পীর প্রথম একক চিত্রকলা প্রদর্শনী। অ্যাক্রিলিক ও ড্রাই প্যাস্টেল মাধ্যমে ছবিগুলো এঁকেছেন আমজাদ আকাশ। তাঁর ছবির মানুষের গড়ন রোবটিক ধাঁচের। ‘ডিভাইন অ্যাপল’ সিরিজের ছবি আছে কয়েকটি। আপেল ফল এখানে ক্ষমতার উৎসের প্রতীক। একটি ছবিতে ক্ষমতাধর এক মানুষের এক হাতের দুই আঙুলে ধরা একটি আপেল। আরেক হাতে আশীর্বাদের ভঙ্গি। আর হাঁটু গেড়ে অবনত মস্তকে সেই আপেলটি নেওয়ার জন্য দুই হাত বাড়িয়েছে ক্ষমতাহীন এক মানবসন্তান। ছবির পশ্চাদভূমিতে আরও কিছু রোবটসদৃশ মানুষ। এ সিরিজের আরেক ছবিতে আঙুলের সঙ্গে সুতায় বাঁধা আপেল নিয়ে খেলায় মগ্ন এক গদিতে বসা রাজনীতিবিদ। সেই আপেলের ভাগ পেতে চারপাশ থেকে হাত বাড়িয়েছে কয়েকজন। সব মিলিয়ে প্রদর্শনীতে ছবির সংখ্যা ৩১। এ প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।