আব্দুল জব্বার খানের জন্মশতবর্ষ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের আলো চলে গেলেও অতিথিরা আসেননি। তাই ফেরত গেছে রঙিন বেলুন ও পায়রা। খানিকটা দেরিতে শুরু হয়েছিল মুখ ও মুখোশ ছবির পরিচালকের জন্মশতবর্ষ উৎসবের আনুষ্ঠানিকতা।
গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের শততম জন্মবার্ষিকীর ছয় দিনের উৎসবের শুরুর দিন। এই বাংলায় প্রথম বাংলা ছবি মুখ ও মুখোশ নির্মাণ করেছিলেন তিনি। চলচ্চিত্রকারের বড় ছেলে ইসমত হায়াত খানের সভাপতিত্বে এই দিনে ছিল আলোচনা। তাতে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার খানের ছবির নায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নায়করাজ রাজ্জাক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান, বাংলাদেশ ফিল্ম এডিটর গিল্ডস-এর সভাপতি আবু মুসা দেবু, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, প্রযোজক এ কে এম জাহাঙ্গীর।
নায়ক রাজ্জাক বলেন, ‘তাঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সন্তানের মতো আমি তাঁর সান্নিধ্য ও স্নেহ পেয়েছি, তাঁর ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি।’
সৈয়দ হাসান ইমাম বলেন, ‘সকলেই তাঁকে সমীহ করত। তাঁর চলচ্চিত্র নির্মাণ মূলত বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দেন চলচ্চিত্রকারের আরেক ছেলে নওশীন হায়াত খান। নানার লেখা একটি চিঠি পড়ে শোনান চলচ্চিত্রকারের নাতনি ফারহিন লালারুখ খুররম। আলোচনা শেষে চলচ্চিত্রকারের ছবির চারটি গান নিয়ে একটি কোরিওগ্রাফি দেখায় নন্দন কলাকেন্দ্র। এ ছাড়া তাঁর জীবনের ওপর ছিল একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা। ছয় দিনের এই উৎসবে আজ থেকে দেখানো হবে আব্দুল জব্বার খানের ছবিগুলো। উৎসবের আয়োজন করেছে আব্দুল জব্বার খান জন্মশতবর্ষ উত্সব কমিটি।